তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিল ভারত—এমন দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। এর মধ্যে একটি ছিল দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ। অন্যটি ছিল বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এমইএর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, তা নিয়ে বিভ্রান্তির মধ্যেই ভারতের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হলো।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশি প্রধানমন্ত্রীকে প্রথমে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয়।
বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার কোনো দেশ নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিল ভারত।
গত ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয় ১৮তম ব্রিকস সম্মেলন। এতে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও অংশ নেন।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
