যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
ফাইল ছবি
জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও মাদক চক্রের সঙ্গে কথিত সংশ্লিষ্টতা এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
মন্ত্রণালয় জানায়, আন্তঃদেশীয় অপরাধ দমন এবং জাতীয় সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গত ১৯ সেপ্টেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন: টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি, নিহত ৪১
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘন, মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িত নয় এমন দেশগুলোতে হামলা, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা এবং পারমাণবিক কর্মসূচি পরিমাপে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যক্রমে হস্তক্ষেপের মতো বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করা হয়েছে। এসব ঘটনার কারণে ইরানের বর্তমান সরকারের ওপর কলম্বিয়ার আস্থা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে।
উল্লেখ্য, গত আগস্টে কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন আবেলবার্দো দে লা এসপ্রিয়েয়া। দায়িত্ব নেওয়ার পরই তিনি দেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আনেন। তার পূর্বসূরি গুস্তাভো পেত্রোর আমলের বিপরীত অবস্থান নিয়ে তিনি দ্রুত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নেন।
