জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
অস্ট্রেলিয়ার গান্নেডাহ শহরের একটি খামারে হার্ভেস্টার থেকে কাটা গম ট্রেইলারে খালাস করা হচ্ছে। ছবি: সংগৃহীত
আসন্ন ফসল কাটার মৌসুমে কৃষি শ্রমিকদের জন্য দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সরকারের এই পদক্ষেপে হঠাৎ শ্রমিক সংকটের শঙ্কা কেটে যাওয়ায় দেশটির খামার মালিক ও কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বিশ্বের অন্যতম প্রধান গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মাঠ থেকে ফসল তোলার কাজ শুরু হতে যাচ্ছে। প্রতিবছর এই সময়ে প্রচুর বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়। তবে সম্প্রতি সার্বিক অভিবাসী সংখ্যা কমানোর সরকারি সিদ্ধান্তে ভিসা প্রসেসিংয়ের গতি মারাত্মকভাবে শ্লথ হয়ে পড়েছিল। যেখানে আগে কয়েক দিনে ভিসা মিলত, সেখানে সময় লাগছিল কয়েক মাস।
আরও পড়ুন: যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
কৃষকদের এই সংকটের কথা বিবেচনা করে সরকার তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে। এখন থেকে কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজন দেখিয়ে শ্রমিকদের ভিসার জন্য দ্রুত আবেদন করতে পারবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষক সংগঠনের নেতারা জানান, এর ফলে ঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিকদের সহজে পাওয়া নিশ্চিত হবে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, যেসব বিদেশি শ্রমিকের কৃষি কাজের বিশেষ দক্ষতা রয়েছে এবং ইতিমধ্যেই কোনো খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে কঠোর অভিবাসন নীতির মধ্যেও দেশটির কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দূর হলো।
সূত্র: রয়টার্স।
