ব্রাজিলে ভোটের আগে অনলাইন জুয়া নিষিদ্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
ফাইল ছবি
ব্রাজিলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণের মাত্র সপ্তাহখানেক আগে দেশজুড়ে সব ধরনের অনলাইন বাজি ও ক্যাসিনো নিষিদ্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। পুনর্নির্বাচনের লড়াইয়ে থাকা ৮০ বছর বয়সি সিলভা গত শুক্রবার এই সংক্রান্ত একটি অস্থায়ী আদেশে সই করেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলে ক্যাসিনো ও স্লট মেশিনের মতো প্রথাগত জুয়ার বেশিরভাগ অবৈধ হলেও ২০১৮ সালে অনলাইন বাজি বৈধ করা হয়। এরপর থেকে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তবে এর ফলে বহু পরিবারের আর্থিক ক্ষতি এবং সাধারণ মানুষের মধ্যে জুয়ার আসক্তি আশঙ্কাজনকভাবে বেড়ে যায় বলে অভিযোগ ওঠে।
অনলাইন বাজি শিল্পকে ‘ক্যান্সার’ হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট লুলা বলেন, “হয় আমাদের এই টিউমার উপড়ে ফেলতে হবে, না হয় এটিই আমাদের মেরে ফেলবে।”
আরও পড়ুন: জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লুলা উল্লেখ করেন, সাবেক প্রেসিডেন্ট মিশেল তেমেরের আমলে অনলাইন বাজি বৈধ করা হলেও পরবর্তীতে বলসোনারো সরকারের চরম শিথিলতার কারণে এটি সর্বত্র ছড়িয়ে পড়ে। এমনকি শিশু ও কিশোরদের এই আসক্তি থেকে রক্ষা করতেও কোনো কার্যকর বিধিনিষেধ ছিল না। লুলা আরও বলেন, “অনলাইন বাজি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্রাজিলের পরিবারগুলোর আয় ও জীবন ধ্বংস করে মুনাফা লুটতে দেওয়া হবে না।” জুয়ার কবলে পড়ে সর্বস্ব হারানো বহু পরিবারের কষ্টের কথা তিনি শুনেছেন বলেও জানান।
অনলাইন বাজি নিষিদ্ধকরণের পাশাপাশি নির্দিষ্ট হারের বাজি বা 'ফিক্সড-অডস বেটিং' সংক্রান্ত অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রেখে আরেকটি বিলে সই করেছেন ব্রাজিলীয় প্রেসিডেন্ট। চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও এই খাতের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, এটি মানুষের আসক্তিকে কেবল মুনাফায় রূপান্তর করছে।
রাজনৈতিক প্রতিক্রিয়া ও জরিপ
লুলার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ও নির্বাচনে লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্ল্যাভিও বলসোনারো। রিও ডি জেনিরোতে এক নির্বাচনী প্রচারসভায় তিনি লুলার এই সিদ্ধান্তকে ‘জনতুষ্টিবাদী, ভণ্ডামি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করেন। চতুর্থ মেয়াদে ব্রাজিলের ক্ষমতায় আসার লড়াইয়ে নামা লুলার সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে সাম্প্রতিক জনমত জরিপগুলোতে।
বিবিসি জানিয়েছে, লুলার জারি করা এই আদেশটিকে স্থায়ী রূপ দিতে হলে আগামী ১২০ দিনের মধ্যে ব্রাজিলের কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এদিকে, অ্যাটলাস ও ব্লুমবার্গের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ব্রাজিলের প্রায় ৫৯.৯ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইন্টারনেটে অনলাইন জুয়া নিষিদ্ধ করার এই সিদ্ধান্তকে সমর্থন করছেন।
