রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের প্রাপ্তদের তালিকায় যুক্ত হলো আরও দুই বিজ্ঞানীর নাম। রসায়নে অসামান্য অবদান রাখায় এই ক্যাটাগরিতে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই।
হেনরি বি কাগান ১৯৩০ সালের ১৫ ডিসেম্বর ফ্রান্সের বুলোন-বিলানকুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি দেশটির ওরসের ইউনিভার্সিটি প্যারিস-সুদে কর্মরত রয়েছেন। আর ১৯৫০ সালে জাপানের হিরোশিমা জন্মগ্রহণ করা কেনসো সোয়াই বর্তমানে টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সে কর্মরত।
বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অপ্রতিসম জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব-অনুঘটনের আবিষ্কারের জন্য হেনরি বি. কাগান ও কেনসো সোয়াইকে রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হেনরি কাগান রাসায়নিক বিক্রিয়া পরিচালনার একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেন। এর মাধ্যমে কোনো অণুর দুটি দর্পণ-প্রতিবিম্বের (mirror images) মধ্যে একটিকে আগের ধারণার চেয়ে অনেক বেশি পরিমাণে তৈরি করা সম্ভব হয়। ওষুধ, সুগন্ধি, সুবাস এবং নতুন সব উপাদান তৈরির জন্য যারা রাসায়নিক বিক্রিয়া উদ্ভাবন করেন, তাদের কাছে তার এই আবিষ্কারটি ছিল বৈপ্লবিক।
কেনসো সোয়াই এমন একটি রাসায়নিক বিক্রিয়া উদ্ভাবন করেন যেখানে সম্ভাব্য দুটি দর্পণ-প্রতিবিম্বের মধ্যে কেবল একটিই উৎপন্ন হয়। জীবসত্তা ছাড়া অন্য কোথাও এমন কৃতিত্ব আগে কখনো অর্জিত হয়নি। ‘সোয়াই বিক্রিয়া’ (Soai reaction) হলো এ পর্যন্ত পরিচালিত সবচেয়ে চমকপ্রদ রাসায়নিক পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম।
২০২৫ সালে রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন ও জর্দানের ওমর এম. ইয়াগি। ধাতব-জৈব কাঠামো বা মেটাল-অরগানিক ফ্রেমওয়ার্ক উদ্ভাবনের জন্য এ পুরস্কার পেয়েছিলেন তারা।
১৯০১ সাল থেকে রসায়নে এখন পর্যন্ত ১১৬ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জেতেন জন বি গুডএনাফ। অপরদিকে ১৯৩৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে জম্মানজনক এ পদক জেতেন ফেদ্রিক জোলিয়ট।
