×

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব শুরু, ঝুঁকিতে যেসব এলাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব শুরু, ঝুঁকিতে যেসব এলাকা

ছবি : সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশ ও সংলগ্ন মধ্যাঞ্চল থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। এর প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, এরপর ঘূর্ণিঝড় এবং সবশেষে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। অগ্রসর হওয়ার সময় কয়েক দফায় পরিবর্তন এসেছে এর সম্ভাব্য গতিপথেও।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড. হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। শুক্রবার দুপুরের দিকে উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র ও উপকূলীয় জলসীমায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুরী ও গোপালপুরসহ সমুদ্রতীরবর্তী এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে। ওড়িশার উপকূলীয় এলাকা থেকে অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতের রেল কর্তৃপক্ষও একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে। পূর্ব উপকূল রেলওয়ে, দক্ষিণ মধ্য রেলওয়ে ও দক্ষিণ উপকূল রেলওয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্ভাব্য গতিপথ ও আঘাতের সময়

আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। শুক্রবার দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানার আশঙ্কা রয়েছে।

ভুবনেশ্বর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড. রাজশ্রী জানিয়েছেন, উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড়টির গতিপথ নিয়ে অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরে ড. হাবিবুর রহমান বিশ্বাস বলেন, সম্ভাব্য গতিপথের পূর্বাভাসে কিছুটা অনিশ্চয়তা থাকেই। এ কারণে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা—দুই রাজ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। শুক্রবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ড. হাবিবুর রহমান বিশ্বাস জানান, পশ্চিমবঙ্গে মূলত বৃষ্টিপাতের প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরসহ উপকূলসংলগ্ন জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মৎস্যজীবীদের বৃহস্পতিবার ও শুক্রবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২১ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। তবে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মুর্শিদাবাদের একটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ওড়িশায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড. রাজশ্রী জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ময়ূরভঞ্জ, বালেশ্বর, কেন্দ্রঝড়, জাজপুর, ভদ্রক, কেন্দ্রপাড়া, কটক ও পুরীতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার রাত থেকেই ওড়িশার কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার ইতিমধ্যে ৭০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্রে অন্ধ্রপ্রদেশের কাকিনাডার কয়েকজন মৎস্যজীবী ওড়িশার গঞ্জাম উপকূলের কাছে আটকে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস

আকভানের প্রভাবে আগামী কয়েক দিন ঝাড়খণ্ডের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজ্যের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হতে পারে।

রাঁচি আবহাওয়া কেন্দ্রের উপপরিচালক অভিষেক আনন্দ বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শুক্রবার রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও আটটি জেলায় একই ধরনের সতর্কতা থাকবে।

শনিবার ও রোববার গিরিডি, ধানবাদ, দেওঘর, জামতারা, দুমকা, গোড্ডা, পাকুর ও সাহেবগঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

অন্ধ্রপ্রদেশে সতর্কতামূলক ব্যবস্থা

আকভানের প্রভাব ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের কয়েকটি এলাকায় পড়তে শুরু করেছে। শ্রীকাকুলামে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং ঝোড়ো হাওয়া বইছে। পরিস্থিতি বিবেচনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।

ঘূর্ণিঝড় মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল ও জরুরি বিভাগের কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীকাকুলাম, বিজয়নগরম ও মানিয়াম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশের অন্যান্য জেলাতেও কিছু এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক প্রখর জৈন জানিয়েছেন, উত্তর অন্ধ্রপ্রদেশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব শুরু, ঝুঁকিতে যেসব এলাকা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব শুরু, ঝুঁকিতে যেসব এলাকা

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, ধরা পড়ল যেভাবে

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, ধরা পড়ল যেভাবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আ.লীগের পেট্রোল বোমা নিক্ষেপ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আ.লীগের পেট্রোল বোমা নিক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App