×

আন্তর্জাতিক

রয়টার্সের প্রতিবেদন

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের দিনে বাংলাদেশে ফিরতে চান তিনি। দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা শেখ হাসিনার এ পরিকল্পনার কথা জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ তথ্য জানান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকে এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখের কথা জানানো হলো। তাঁর এ পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে। কারণ, দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা বাড়ানোর অভিযোগ উঠেছে।

শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা করছেন। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাস পর তাঁর আগের পাসপোর্ট বাতিল করা হয়।

দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তিনি সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সংবিধানবহির্ভূতভাবে এবং এমন পরিস্থিতিতে তাঁকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।’

এ বিষয়ে বাংলাদেশের সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

তবে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলন ও পরবর্তী অস্থিরতার সময় বাংলাদেশে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ছাত্র-জনতার নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তাঁর অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। তবে ভারতে অবস্থানকালে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ

বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ

বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিরাপত্তার ৯ স্তরে ঘেরা থাকবে ডিসেম্বর

নিরাপত্তার ৯ স্তরে ঘেরা থাকবে ডিসেম্বর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App