রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম
ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ভারত থেকে ঢাকায় ফিরতে পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাচ্ছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখের কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
তবে গত রোববার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।
