সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী বহিষ্কার, গ্রেপ্তার ৯১৬৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার এবং ১৩ হাজার ৯৩৫ জনকে বহিষ্কার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জনের বিরুদ্ধে আবাসন আইন, ২ হাজার ৬২৩ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৭৩ জনকে এবং দেশটির সীমান্ত দিয়ে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ কিংবা লুকিয়ে রাখতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ২৩ জনকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩৮ হাজার ৪৮৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তাঁদের মধ্যে ৩৬ হাজার ৩৭৮ জন পুরুষ এবং ২ হাজার ১০৫ জন নারী। আটক ব্যক্তিদের মধ্যে ২৪ হাজার ২২ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে ৮ হাজার ৮৪০ জনকে।
মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের অবৈধভাবে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসন জব্দ এবং অপরাধীর পরিচয় প্রকাশের বিধান রয়েছে।
