গোলাম পরওয়ার
১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:০১ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি ১২ কোটি মানুষের গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তার দাবি, দলটি মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে সে পথে এগোচ্ছে না, যা দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সরকারের অগ্রাধিকারে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরিবর্তে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাচ্ছে। তার ভাষ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণ দুটি ভোট দিয়েছে একটি গণভোট এবং অন্যটি সংসদ নির্বাচনের ভোট। গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিরোধী দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় থাকতে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। বিলম্ব বা কর্তৃত্ববাদী পদ্ধতিতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে এর নেতিবাচক পরিণতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, সংসদ নেতা উপস্থিত থাকার পরও তার পরিবর্তে অন্য সংসদ সদস্য বক্তব্য দেওয়ার ঘটনা নজিরবিহীন। এতে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, গণভোটে বিপুল সমর্থন পাওয়ার পরও সরকার সেই রায় কার্যকর করছে না। এছাড়া জুলাই সনদের সাংবিধানিক পরিবর্তনসংক্রান্ত ৩৭টি বিষয়ে আগে ঐকমত্য হলেও সরকার এখন সেসব অবস্থান থেকে সরে আসছে বলেও অভিযোগ করেন তিনি।
সেমিনারে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি অভিযোগ করেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এবং জুলাই সনদ বাস্তবায়নেও অগ্রগতি নেই। একই সঙ্গে বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা থেকেও সরে এসেছে বলেও দাবি করেন তিনি।
বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০২৭ সালে যাতে ২০২৬ সালের মতো ভয়াবহ বন্যা না ঘটে, সে জন্য এখন থেকেই সমন্বিত পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে বিরোধী দল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর, যোগাযোগ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতি বছর পাহাড়ি ঢলে প্রাণহানির ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির একেএম শামছুদ্দীন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক, এবি পার্টির ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, সদস্যসচিব অধ্যাপক ফজলুল হক এবং এনসিপির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
