এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই : শফিকুর রহমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকে বসার ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, তবে কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, যারা জামায়াতের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ তুলছেন, তাঁরাই দেশে-বিদেশে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। এমনকি সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেদের দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বাহনকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যের ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ এগিয়ে নেওয়ার আহ্বানের জন্য তিনি ধন্যবাদ জানান।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়ার ইঙ্গিতের বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার বিষয়ে তিনি একমত। কিন্তু এর পেছনে কোনো দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে কি না, তা পরিষ্কার হওয়া প্রয়োজন।
জামায়াতবিষয়ক একজন ব্যক্তিকে ইঙ্গিত করে এমন অভিযোগ করা হলে তার প্রমাণ উপস্থাপনের চ্যালেঞ্জ জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, যারা এসব অভিযোগ করছেন, তাঁদের নিজেদের অবস্থানও আয়নায় দেখা উচিত।
বর্তমান রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চান, রাষ্ট্রপতিও প্রকাশ্যে তাঁদের মামলা তুলে নেওয়া এবং সব দরজা খুলে দেওয়ার বিষয়ে কথা বলেছেন। তাঁর দাবি, জামায়াতের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য দেওয়া হয়নি।
আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অভিযোগের জবাবে জামায়াত আমির বলেন, ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। তাঁর দাবি, ওই ২২ মিনিটের বক্তব্যে তিনি একবারও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। বক্তব্যের ভিডিও এখনো রয়েছে এবং যে কেউ তা যাচাই করতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তাঁকে উদ্ধৃত করার প্রসঙ্গেও আপত্তি জানান তিনি। বলেন, একজন ব্যক্তি বিভিন্ন সময়ে তাঁদের বিষয়ে নানা বক্তব্য দিচ্ছেন। এমন ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে জামায়াতকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগে জড়ানো ঠিক নয়।
মাদক নিয়ন্ত্রণের বিষয়েও সংসদে কথা বলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, জামায়াত মাদক নির্মূলের পক্ষে। তবে মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, সংসদের একজন জ্যেষ্ঠ সদস্য বলেছেন, আগে ফ্যাসিস্টরা মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, এখন তাঁদের দলের কিছু নেতা সেই নিয়ন্ত্রণ করছেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের ভেতরে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধ করা জরুরি। সংসদের আরেকজন জ্যেষ্ঠ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে বড় মাদকের চালান যাওয়ার কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি। এসব বক্তব্য বিরোধী দলের নয়, সরকারি দলের সংসদ সদস্যদের কাছ থেকেই এসেছে বলে দাবি করেন জামায়াত আমির।
জাতীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে আবার ফ্যাসিবাদী পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া উচিত হবে না। কার দুর্বলতায় ফ্যাসিবাদীরা সুযোগ পাচ্ছে, সে বিষয়ে বিচার জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। সংসদে যেসব অভিযোগ ও বক্তব্য দেওয়া হবে, সেগুলোর ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া দেখতে চান বলেও জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তাঁর ৫২ বছরের রাজনৈতিক জীবনে বারবার শুনেছেন, অতীতের তুলনায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু এভাবে উন্নতির কথা বলতে বলতে বাংলাদেশ আমেরিকা বা ইংল্যান্ড হতে পারেনি। বাংলাদেশ নিজের মতো বাংলাদেশ হিসেবেই থাকতে চায়। অন্য কোনো দেশের অধীনতা বা আধিপত্যবাদও মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হত্যাকাণ্ডের সংখ্যা ২২ থেকে ১২-তে নেমে আসার প্রসঙ্গও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এ উন্নতির জন্য বিরোধী দলের প্রশংসা করা উচিত বলে স্বরাষ্ট্রমন্ত্রী হাততালি চেয়েছিলেন। তবে বিরোধী দল হাততালি দেয়নি।
ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে হত্যাকাণ্ডের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এলে সবাই মিলে হাততালি দেবেন।
