×

জাতীয়

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনো ধরনের অনুতাপ, অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন-নিপীড়নের শিকার হওয়ার পরও বিরোধীদলীয় নেতার এমন সিদ্ধান্তকে যৌক্তিক ও গ্রহণযোগ্য মনে করে না জনগণ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যেরও জবাব দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গতকাল বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়েছে। সে পরিপ্রেক্ষিতেই তিনি সংসদে নিজের বক্তব্য তুলে ধরছেন।

বিরোধীদলীয় নেতার আগের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে যারা তাঁদের ওপর জুলুম-নির্যাতন করেছে, তাঁদের ক্ষমা করে দিয়েছেন।

সালাহউদ্দিন আহমদের ভাষ্য, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে যে নির্যাতন ও জুলুম হয়েছে, তার পরও কোনো ধরনের অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়াই দলটিকে একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক নয়। দেশবাসীর পাশাপাশি তাঁরাও এ সিদ্ধান্তকে গ্রহণযোগ্য মনে করেন না।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, তিনি বারবার ‘ফ্যাসিজম’ ও ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার পছন্দ করেন না। আওয়ামী লীগের নেতাদেরও রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।

দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাসের সঙ্গে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক কর্মকাণ্ড ও ইতিহাসের সম্পর্ক রয়েছে বলে তিনি মনে করেন।

এ প্রসঙ্গে ২০০৪ সালের ৪ জুন ঢাকায় আওয়ামী লীগের হরতালের সময় শাহবাগে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার কথা তুলে ধরেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ওই দিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তৎকালীন হোটেল শেরাটনের সামনের সড়কে বিআরটিসির একটি দোতলা যাত্রীবাহী বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত সেটি লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায় এবং যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ওই ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীরা দগ্ধ হন। আগুনের তীব্রতায় উদ্ধারকাজও ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও তৎকালীন গণমাধ্যমের স্থিরচিত্রে জানালার গ্রিল ধরে যাত্রীদের বাঁচার আকুতি জানানোর দৃশ্য দেখা যায়। ঘটনাটিতে প্রথমে অন্তত ৯ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে নিহতের সংখ্যা ১১ বলে জানান তিনি।

এ ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউটিউবে অনুসন্ধান করলে ওই ঘটনার স্বীকারোক্তি দেখা যাবে। তাঁর দাবি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের একটি জবানবন্দি সেখানে রয়েছে, যেখানে ঘটনার বিবরণ পাওয়া যায়। ওয়ান-ইলেভেনের সময় ওই ভিডিও প্রকাশিত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে—বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে তিনি বিভিন্ন সময় নিজের বক্তব্য দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠকের সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জনগণ জানতে চায়। তাঁর অভিযোগ, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে পলাতক আওয়ামী লীগ নেত্রী দলীয় নেতাদের নির্দেশনা দিচ্ছেন।

জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই নেত্রী দেশে ফিরলে জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার কথা বলেছেন বলে অভিযোগ রয়েছে। তবে এমন সুযোগ আর হবে না বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দলের নেতাকর্মীদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা বিশ্বের ইতিহাসে নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে তুলনীয়। তাঁর দাবি, নাৎসিরা যেমন জার্মানিতে ফিরে রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই : শফিকুর রহমান

এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই : শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App