হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন জামায়াত আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচারিক প্রক্রিয়া এবং তার দেশে ফেরার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গোপালগঞ্জে একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টার অভিযোগ তুলে এর সঙ্গে জড়িতদের দেশদ্রোহী আখ্যা দিয়েছেন তিনি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, হত্যাকাণ্ডের বিচার এবং জাতীয় ঐক্য জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন জামায়াত আমির।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নির্ধারিত সফরসূচি সংক্ষিপ্ত করে মালয়েশিয়া সফর স্থগিত রেখে দেশে ফেরেন ডা. শফিকুর রহমান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে।’
জামায়াত আমির বলেন, ‘যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি আপিল করেননি। বিচারিক প্রক্রিয়া চলার সময় তিনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতেন, তাহলে তখনই তার দেশে আসা দরকার ছিল। তিনি আসেননি— এর মানে হচ্ছে তিনি দেশকে ধারণ (ওন) করেন না এবং আইনকেও ভয় পান।’ এখন আর তার কোনো কথা বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা বা ব্যর্থতার বিশ্লেষণে না গিয়ে সেখানে ঘটে যাওয়া ঘটনাকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘একটি স্বাধীন দেশের ভেতরে একটি জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার চেষ্টা—এরা কারা? আইন ও সংবিধানের দৃষ্টিতে এরা দেশদ্রোহী।’ দেশের কোনো অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার অধিকার কোনো নাগরিকের নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং থানায় হামলা ও লুটপাটের ঘটনার উল্লেখ করে জামায়াত আমির বলেন, খুনের নেশা এখনো কাটেনি এবং ফ্যাসিবাদী চরিত্রেরও কোনো পরিবর্তন হয়নি। তবে যুবসমাজ ও সাধারণ মানুষের ক্ষোভের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘তারা যেন এটি ভালো করে মনে রাখেন যে যুবসমাজ ও আপামর জনগণ তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছিল।’
হত্যাকাণ্ড ও বর্বরতার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে।
জাতীয় ঐক্যের বিষয়ে ডা. শফিকুর রহমান জানান, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি অংশ নিয়েছিলেন। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৃহত্তর জাতীয় স্বার্থে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি।
পরবর্তী সময়ে সংসদে জাতীয় ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, তাকে সম্মান জানানোর কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘এই ঐক্য কোনো অস্থায়ী (ট্রানজিশনাল) ঐক্য হলে চলবে না; আমাদের অবশ্যই টেকসই ঐক্যের দিকে যেতে হবে।’
জাতীয় ঐক্যে ফাটল ধরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জনগণের রায় অস্বীকার করা, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং তা পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের মতো পদক্ষেপ থেকেই সমস্যার সৃষ্টি হয়েছে। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হলে ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন তিনি।
এর আগে গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন জামায়াত আমির।
