টিএসসিতে চলছে চাকরি মেলা, ৪৩০ চাকরির সুযোগ চীনের প্রতিষ্ঠানে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম
চীনা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়েছে ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে দিনব্যাপী চলছে ‘সিনো-বাংলা ডে ২০২৬’ চাকরি মেলা। মেলায় প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রায় ৪৩০টি চাকরির সুযোগ।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশে চীনা দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘সিনো-বাংলা ডে’ আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট আয়োজনটি বাস্তবায়ন করছে।
মেলায় চাকরিপ্রার্থীরা অংশ নেওয়া চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে সরাসরি অথবা অনলাইনে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন পদের যোগ্যতা, কাজের ধরন ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে সরাসরি প্রতিনিধিদের কাছ থেকে তথ্য জানার সুযোগ রয়েছে।
আয়োজকেরা জানান, মেলায় জমা পড়া সিভির ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ চাকরি মেলায় অংশ নিতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়ান হুয়ি বলেন, ‘সিনো-বাংলা ডে’ বাংলাদেশ ও চীনের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও চীনা প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছে।
আয়োজকেরা জানান, ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশে ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।
