মহম্মদপুরে মৎস্য চাষিরা পেল প্রদর্শনী পুকুরের জন্য উপকরণ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত
মাগুরার মহম্মদপুরে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী পুকুরের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত সেন, উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মহম্মদপুর শাখার সভাপতি মোঃ মানজারুল ইসলাম মনির।
আলোচনা সভা শেষে উপজেলার পাঁচটি ইউনিয়নের পাঁচজন নির্বাচিত মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে- প্রতি চাষির জন্য চার বস্তা মাছের খাদ্য, তিন হাজার মাছের পোনা, একটি পেয়ারা চারা, একটি পেঁপে চারা, একটি বড়ই চারা, একটি লেবু চারা, বেগুনের চারা এবং মরিচের চারা।
