মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস!
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি : সংগৃহীত
খুলনায় ১৬ বছর বয়সী কিশোরী আরফানা হোসেন নির্জনা হত্যা মামলায় তার বাবা ও মায়ের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কর্মকর্তারা।
পুলিশ জানায়, গত বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তার ভেতর অজ্ঞাত এক কিশোরীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই, সিআইডিসহ সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ, বেতার বার্তা প্রচার এবং বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহের পর ২৪ ঘণ্টার মধ্যে নিহতের পরিচয় নিশ্চিত হয়। তিনি সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা আরফানা হোসেন নির্জনা।
পুলিশ জানায়, পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতের মা আরিফা ইয়াসমিন সিমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্তে পুলিশ জানতে পারে, মেয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে ওই বিরোধের সময় বাবা মো. আলিম হোসেন আকাশ লাঠি দিয়ে মেয়ের মাথায় একাধিক আঘাত করলে তিনি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পরে মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে ফেলে রেখে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলেও জানিয়েছে পুলিশ।
কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, নিহতের বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। মামলার অপর আসামি, নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
