পাইকগাছায় চক্ষু ক্যাম্প, বিনা মূল্যে চিকিৎসা পেলেন ৩৫৫ জন রোগী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত
পাইকগাছা-কয়রার মানুষের চিকিৎসাসহ সব ধরনের আধুনিক সেবা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া মিলনবীথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, ‘সব সময় মানবসেবার কাজে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুধু আমি একা নই, এই কাজে যারা সহযোগিতা করবে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। নিজের এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত ছোট-বড় পরিসরে জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের স্বার্থে নিজেকে নিয়োজিত করাই একজন মহানুভব ব্যক্তির কাজ। এটা সর্বদা আমাদের অব্যাহত রাখতে হবে।’
আরও পড়ুন: ‘সংসদে রাষ্ট্রপতি নির্বাচন না, পিকনিক হচ্ছে’
এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ চক্ষু ক্যাম্পে ৩৫৫ জন রোগী চিকিৎসাসেবা নেন। সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল।
ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা দেন সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. সৌমিত্র বৈরাগী (এমবিবিএস)। ক্যাম্প পরিচালনা করেন হাসপাতালের প্রতিনিধি মো. আরাফাত হোসেন।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৪০ জনের চোখে ছানি শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া এসব রোগীর সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে বিনা মূল্যে ছানি অপারেশনের মাধ্যমে উন্নত মানের লেন্স বসানো হবে। এ ছাড়া ৭০ জন রোগীর চোখ পরীক্ষা করে বিনা মূল্যে চশমা দেওয়া হয় এবং ৪০ জন রোগীকে বিনা মূল্যে চোখের ওষুধ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন, ‘আমি বিগত কয়েক বছর ধরে আমার এই অবহেলিত এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এ ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এমন কর্মকাণ্ড চলমান থাকবে।’
