×

খুলনা

ওসমানী মেডিকেল

চিকিৎসকদের হাজিরা নিয়ে দুদকের অভিযান, মিলল বড় অসঙ্গতি

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

চিকিৎসকদের হাজিরা নিয়ে দুদকের অভিযান, মিলল বড় অসঙ্গতি

ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা না মানার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে গত ৩০ দিনের বায়োমেট্রিক হাজিরার তথ্য যাচাই করে চিকিৎসকদের উপস্থিতি ও কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে বড় ধরনের অসঙ্গতির প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি বিশেষ দল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায়। এ সময় চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরার তথ্য, ডিউটি রেজিস্টার ও ছুটিসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়।

দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, সংগৃহীত তথ্য প্রাথমিকভাবে পর্যালোচনা করে দেখা গেছে, চিকিৎসকদের একটি বড় অংশ নির্ধারিত কর্মঘণ্টা অনুযায়ী হাসপাতালে দায়িত্ব পালন করছেন না।

অভিযানকালে দুদক টিম হাসপাতালের স্বাস্থ্যসেবার মানও সরেজমিনে পর্যবেক্ষণ করে। রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না এবং চিকিৎসকদের উপস্থিতির সঙ্গে সেবার মানের কোনো অসঙ্গতি রয়েছে কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হয়।

দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ বলেন, চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। আরও কিছু তথ্য পাওয়ার পর সবগুলো তথ্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করে ঢাকার প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। এরপর ঢাকার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকারি চাকরিতে নিয়োজিত চিকিৎসকদের অবশ্যই সরকার নির্ধারিত কর্মঘণ্টা মেনে দায়িত্ব পালন করতে হবে। নির্ধারিত কর্মঘণ্টার মধ্যে কেউ বেসরকারি প্র্যাকটিস করলে সেটিও গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হতে পারে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

বায়োমেট্রিকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

এর আগে গত ১ আগস্ট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিতি ও কর্মস্থল ত্যাগ নিশ্চিত করতে বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের হাসপাতালে প্রবেশের সময় সকাল ৮টা এবং প্রস্থানের সময় দুপুর ২টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়। তবে হাসপাতালের বায়োমেট্রিক হাজিরার তথ্য পর্যালোচনায় দেখা যায়, নির্ধারিত সময়ের পরও উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক হাসপাতালে উপস্থিত হচ্ছেন।

তথ্য অনুযায়ী, সকাল ৯টার পর হাসপাতালে উপস্থিত হওয়ার হার বহির্বিভাগের চিকিৎসকদের ক্ষেত্রে ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের ক্ষেত্রে ৬৫ শতাংশ। শুধু দেরিতে উপস্থিত হওয়াই নয়, নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগের প্রবণতাও উঠে এসেছে বায়োমেট্রিক তথ্যে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিটের আগেই বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থল ত্যাগ করছেন। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসকদের কর্মঘণ্টা এবং বায়োমেট্রিক হাজিরা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দুদকের অভিযান শেষে সংগৃহীত তথ্য ও নথিপত্র বিশ্লেষণের পর কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটিই দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App