জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষক আটক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম
ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে ক্লাস নেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে দেওয়া বাংলা ভাষণ নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। আটক শিক্ষকের নাম গোলাম কিবরিয়া লালন (৫১)। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রাগপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে প্রাগপুর বাজার সংলগ্নস্থানে অবস্থিত ওই স্কুলের গেট থেকে তাকে আটক করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আগেরদিন মঙ্গলবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। এ সময় তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন এবং প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি করেন। শিক্ষার্থীদের দাবি, ক্লাস নেওয়ার সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ক্লাসে অসন্তোষ তৈরি হয়। পরে ক্লাস শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ঘটনাটি জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বিষয়টি তিনি মঙ্গলবার রাতে শুনেছেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে ওই শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রধান শিক্ষকের ভাষ্য, শিক্ষক গোলাম কিবরিয়া লালন প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে এমন বক্তব্য দিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক। পরে পুলিশ এসে শিক্ষক লালনকে আটক করে নিয়ে যায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক লালনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগ ওঠে। পরে তাকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
