সিকিমের আকাশে ২৫ মিনিট উড়ল চীনা যুদ্ধবিমান, দেখল শুধু ভারত!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
ফাইল ছবি
ভারতের আকাশসীমায় অনুপ্রবেশের পর প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে চক্কর দিয়েছে চীনের একটি যুদ্ধবিমান। গত ১২ নভেম্বর সিকিম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্পর্শকাতর এ ঘটনায় ভারতের নিরাপত্তাব্যবস্থা ও বিমানবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া। এ বিষয়ে জানতে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদমাধ্যমটি। তবে তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
সূত্র জানায়, গত ১২ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) চীনা যুদ্ধবিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর সেটিকে নিজ ভূখণ্ডে ফিরে যেতে বারবার সতর্কবার্তা পাঠানো হয়। তবে ভারতীয় বিমানবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে যুদ্ধবিমানটি ওই এলাকার আকাশে চক্কর দিতে থাকে।
ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় যুদ্ধবিমানটির অবস্থান শনাক্ত করা হয়েছিল। তবে এটি কী ধরনের যুদ্ধবিমান ছিল, এর সুনির্দিষ্ট উড্ডয়নপথ কী ছিল এবং ঠিক কখন এটি ভারতীয় আকাশসীমা ত্যাগ করে, তা এখনো জানা যায়নি।
বর্তমান সময়ে কয়েক সেকেন্ডের জন্য অন্য দেশের আকাশসীমা লঙ্ঘনও গুরুতর নিরাপত্তা ইস্যু হিসেবে বিবেচিত হয়। সে ক্ষেত্রে একটি চীনা যুদ্ধবিমান কীভাবে প্রায় আধা ঘণ্টা ধরে ভারতের আকাশসীমায় অবস্থান করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি স্পর্শকাতর এলাকায় এ ধরনের অনুপ্রবেশের ঘটনা ভারতের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে।
সূত্র: আউটলুক।
