ভয়াল সিডরের ১৯ বছর: কাটেনি ক্ষত, এখনও মাথা গোঁজার ঠাই পাইনি
মো. মিজানূর রহমান আকন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
২০০৭ সালের এই দিনে উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে সিডর। ছবি: সংগৃহীত
আজ সেই ভয়াল ১৫ নভেম্বর। বিভীষিকাময় একটি কালো রাত্রি। উপকূলবাসীর কাছে তার নাম সর্বগ্রাসী রাক্ষুসীর মরণ ছোবল। ২০০৭ সালের বৃহস্পতিবার ওই রাতে সিডরের নামে মহা প্রলয়ঙ্ককারী ঘূর্ণিঝড়ে চরম আঘাত হানে বাগেরহাটসহ উপকূলীয় জনপদে। ২৪০ থেকে ২৫০ কিলোমিটার বাতাসের গতিতে বুঝে ওঠার আগেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। ২০/২৫ ফুট জলোচ্ছ্বাসে সুন্দরবনের শত শত হরিনসহ অসংখ্য বাঘ মারা যায়, ভেসে যায় হাজার হাজার গবাদি পশু ও মৎস্য ঘের। ডুবে যায় সহাস্রাধিক জেলেনৌকা। লণ্ডভণ্ড হয়ে যায় বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবনসহ বাগেরহাটের শরনখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, রামপাল, কচুয়া, বাগেরহাট সদর উপজেলা। ক্ষতি হয় কয়েক হাজার কোটি টাকা। ওই সিডরের সাথে প্রাণপণ যুদ্ধ করে যারা বেঁচে গিয়েছিলেন তারা ১৬ নভেম্বর শুক্রবার ভোর হতেই ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু দেখেননি। উপকূল বাগেরহাটের শরনখোলার সাউথখালীতে শুধুমাত্র ৯ শতাধিক মানুষের মৃত্যুর খবর সরকারিভাবে প্রকাশ হলেও বেসরকারি মতে এর সংখ্যা ছিল প্রায় ৩ হাজার। বাগেরহাট জেলায় মারা গেছে প্রায় ৫ হাজার মানুষ, নিখোঁজ হয়েছে বঙ্গোপসাগরে জেলেসহ প্রায় ১ হাজার মানুষ।
শতাব্দীর ভয়াবহতম সেই তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় বাগেরহাটসহ উপকূলীয় জনপদ। নিশ্চিহ্ন হয়ে যায় মানুষের ঘরবাড়িসহ সকল সহায়-সম্পদ। প্রাণ হারায় কয়েক হাজার মানুষ। বাগেরহাটের শরনখোলাতেই এক হাজারসহ জেলায় দেড় হাজারের মত মানুষ নিহত হয়।
বাগেরহাটে সিডরে চরম ক্ষতির শিকার ঘরবাড়িহারা দুই সহস্রাধিক পরিবার এখনও তাদের মাথা গোঁজার ঠাই পাইনি। সরকারি হিসাবে সিডরে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ১ লাখ ৬৯ হাজার ৬’শটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। যার মধ্যে এখনও জেলায় ৩৫’ভাগ ঘরবাড়ি হারা মানুষ তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে পারেনি। সিডরের পর চরম ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণসহ পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও আজও পর্যন্ত হাজারও মানুষ গৃহহীন অবস্থায় মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে ভূমিহীন ও নদীর চরাঞ্চলে বসবাসরত মানুষের একটি পরিবারও তাদের ভেসে যাওয়া ঘরবাড়ি নির্মাণে কোন সহায়তা পায়নি।

বাগেরহাট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫’ নভেম্বরে শতাব্দীর ভয়বহতম ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দেশের ৩০টি জেলার ১৯৫০টি ইউনিয়নের ৮৯ লাখ ২৫ হাজার মানুষ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়। সরকারিভাবে উপকূলীয় এলাকার মধ্যে বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালীকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এবং আরও ৮টি জেলাকে কম ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য করা হয়। বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়ন ও ৩টি পৌর এলাকার পুরোটাই চরম ক্ষতির শিকার হয়। জেলায় ২ লাখ ৮৩ হাজার ৪’শ ৮২টি পরিবারের ১২ লক্ষাধিক মানুষ ক্ষতির শিকার হয়। ঝড়-জলোচ্ছ্বাসের তাণ্ডবে জেলার বিভিন্ন উপজেলায় ৬৩ হাাজর ৬’শ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্তসহ ১ লাখ ৬৯ হাজার ৬’শটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া হাঁস-মুরগী ও গবাদি পশুর ক্ষতি হয় ৩ শ কোটি টাকার, ৭০ হাজার চিংড়ি ঘেরসহ মৎস্য খামার, ২০০ কোটি টাকার বিভিন্ন ফসল, ৮’শ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রায় ৩ হজার মসজিদ-মন্দির, দেড় সহস্রাধিক কিমি. কাচা-পাকা সড়ক, দু’শ কিলোমিটার বেড়িবাঁধ, ৩ সহস্রাধিক গভীর-অগভীর নলকূপ, ৫ সহস্রাধিক নৌকা, ট্রলার ও জাল এবং ৫ সহস্রাধিক কিলোমিটার সামাজিক বনায়নসহ ব্যাপক ক্ষতি হয়। সিডরে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রায় ৩০ ভাগ এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। এতে ৩টি বাঘ, ৬টি হরিণসহ অসংখ্য পশুপাখি মারা যায়। একইসাথে জেলা ও উপজেলা প্রশাসনের আওতাধীন সরকারি, আধাসরকারি দপ্তরসহ ৩৩টি বিভাগের আরও ৫’শ কোটি টাকার বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নষ্ট হয়ে যায়। জেলাব্যাপী ১৬ লক্ষাধিক মানুষের মধ্যে নেমে আসে এক চরম নৈরাজ্যকর অবস্থা। সিডরের পর সরকারি, বেসরকারি ও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় ক্রমান্বয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠা গেলেও সিডরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সম্ভব হয়নি।
