চট্টগ্রামের রিজার্ভ ফোর্স এসপি জাহাংগীর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২১ এএম
ছবি: সংগৃহীত
‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমাডেন্ট।
পুলিশ সূত্র জানায়, নিজের ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন দুটিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এসপি জাহাংগীর আলমের যোগাযোগসহ তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রাখায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তাকে গ্রেপ্তার করেছে।
রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় গতকাল রাতে তাঁর বিরুদ্ধে মামলাটি করেন। নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ এসেছে এসপির বিরুদ্ধে।
এর আগে মঙ্গলবার এসপি জাহাংগীর আলমের দুটি মুঠোফোন জব্দ করে তাঁকে নজরদারিতে রাখা হয়। তবে কী কারণে মুঠোফোন দুটি জব্দ করা হয়, তা জানা যায়নি।
