বিএসএফের গুলি আহত কৃষক, পাল্টা গুলি বিজিবির
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম
ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে সীমান্তে উত্তেজনার মধ্যে এক ভারতীয় নাগরিককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। অন্য এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে এসব ঘটনা ঘটে। আহত কৃষকের নাম সাহাজুল (৪০)। তিনি ওই এলাকার সাবাজের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে আনুমানিক ৩০০ গজ দূরে নিজের জমিতে ঘাস কাটছিলেন সাহাজুল। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের একটি টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে কয়েকজন বাংলাদেশি কৃষক বিদ্বান বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে কুপিয়ে আহত করেন। একই সময় কাজল ঘোষ (৩০) নামে আরেক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
বিদ্বান বিশ্বাস ভারতের নদীয়া জেলার দীপেন বিশ্বাসের ছেলে। অন্যদিকে কাজল ঘোষ ভূপেন ঘোষের ছেলে। তার বাড়ি নদীয়া জেলার রায়ডাঙ্গা এলাকায়।
ঘটনার পর সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। বিএসএফ সদস্যরা সীমান্তে অবস্থান নিয়েছেন। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা জোরদার করতে বিজিবির পক্ষ থেকে বাংকার নির্মাণের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হচ্ছে।
