৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২১ জুন) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিলের দাবি জানান।
দুদকের আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর এজেন্ট হিসেবে নিয়োগ পান। সরকার নির্ধারিত ফি ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা, কিন্তু তারা শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন।
আরো পড়ুন : রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০
অভিযোগে বলা হয়েছে, রিক্রুটেড শ্রমিকদের বিভিন্ন ধাপে অবৈধভাবে ক্ষতিগ্রস্ত করে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা অতিরিক্ত আদায় করা হয়। পরে ওই অর্থ বিভিন্ন উপায়ে গোপন, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচার করা হয়েছে।
এ ঘটনায় দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি দমন কমিশন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদকের আবেদনে আরো উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু ও অধিকতর তদন্তের স্বার্থে আসামি মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। তবে সাত দিনের পরিবর্তে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
