তনু হত্যা মামলায় জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:৩০ পিএম
ছবি : সংগৃহীত
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনের আদেশের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার পর সব আনুষ্ঠানিকতা শেষে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এর আগে রোববার (২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন আবেদন শুনে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সাব্বির হোসেন, মিজানুর রহমান, রেজাউল করিম ও মীর মনিরুজ্জামান। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মোসলেম উদ্দিন ভূঁইয়া।
জামিনের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম বলেন, মামলাটি কোন আইন কর্মকর্তার দায়িত্বে ছিল, সে বিষয়ে তিনি অবগত নন। তবে উচ্চ আদালতে আপিলের পর জামিন স্থগিত হলে আসামিকে পুনরায় গ্রেপ্তার করা হবে।
সহকারী অ্যাটর্নি জেনারেল সাব্বির হোসেন জানান, তিনি মঙ্গলবারই জামিনের বিষয়টি জানতে পেরেছেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা শেষে জামিন স্থগিতের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত ২১ এপ্রিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে ৫২ বছর বয়সী অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কলেজছাত্রী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউজের কাছে ঝোপের মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়।
তনু হত্যা মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। হাফিজুর রহমান গ্রেপ্তার হওয়ার পর মামলাটি আবারও আলোচনায় আসে।
