×

আইন-বিচার

নুসরাত হত্যা মামলা খালাস পেলেন যে ১০ আসামি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম

নুসরাত হত্যা মামলা খালাস পেলেন যে ১০ আসামি

ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরও ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল থাকায় নুসরাত হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া মূল সাজা বহাল রইল। পাশাপাশি চার আসামির সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

হাইকোর্ট যাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন তারা হলেন : সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং মাদ্রাসাছাত্র শাহাদাত হোসেন শামীম।

রায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন: মাদ্রাসাছাত্র নুর উদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন এবং জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ।

হাইকোর্টের রায়ে খালাস পাওয়া ১০ আসামি হলেন—সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, কামরুন নাহার মনি, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহি উদ্দিন শাকিল।

আদালতে আসামিদের পক্ষে আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

আরও পড়ুন: নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি গত ২০ আগস্ট শেষ হয়। শুনানি শেষে আদালত ২৪ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেন।

নারী ও শিশু নির্যাতন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিলসহ অন্যান্য বিষয় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত ১০ জুন প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করেন। ১৪ জুন থেকে বেঞ্চের কার্যক্রম শুরু হয়। নুসরাত হত্যা মামলার শুনানি শুরু হয় ২৮ জুলাই। মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর মোট ১৭ কার্যদিবস শুনানি হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের মার্চে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ-উদদৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেন তাঁর মা শিরিন আক্তার। ওই অভিযোগে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়।

এরপর সিরাজ-উদদৌলার অনুসারীরা তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। মামলার নথি অনুযায়ী, ৩ এপ্রিল কারাগারে সিরাজের সঙ্গে দেখা করার পরদিন মাদ্রাসার ছাত্রাবাসে নুসরাতকে হত্যার পরিকল্পনা করা হয়।

৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে নুসরাতকে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান হত্যাচেষ্টার মামলা করেন। পরে নুসরাতের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ আলোচিত মামলাটির রায় দেন। ওই রায়ে ১৬ আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল। পরে আসামিরা হাইকোর্টে আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে এবার দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দিলেন হাইকোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, পাকিস্তান সরকারকে গাভাস্কার-কপিলদের চিঠি

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, পাকিস্তান সরকারকে গাভাস্কার-কপিলদের চিঠি

নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নুসরাত হত্যা মামলায় যে চারজনের যাবজ্জীবন

নুসরাত হত্যা মামলায় যে চারজনের যাবজ্জীবন

নুসরাত হত্যা মামলা খালাস পেলেন যে ১০ আসামি

নুসরাত হত্যা মামলা খালাস পেলেন যে ১০ আসামি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App