৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
ফাইল ছবি
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, একাধিকবার কল অন্যত্র স্থানান্তর এবং দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সায়কা কবির জিতি জনস্বার্থে দায়ের করা রিটের শুনানিতে ‘পিটিশনার ইন পারসন’ হিসেবে নিজেই অংশ নেন।
রুলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, একাধিকবার কল অন্যত্র রিডাইরেক্ট করা, কার্যকর জিপিএস-ভিত্তিক লোকেশন ও কলার শনাক্তকরণ ব্যবস্থা বজায় রাখতে ব্যর্থতা এবং ঘটনাস্থলের নিকটতম পুলিশ ফোর্স, টহল দল বা ইউনিট দ্রুত মোতায়েনে ব্যর্থতার বিষয়টি কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
আরও পড়ুন: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
এ ছাড়া কার্যকর ‘জিরো এফআইআর’ ব্যবস্থা প্রণয়ন, বাস্তবায়ন ও তা কার্যকরভাবে বজায় রাখতে ব্যর্থতার কারণে নাগরিকের সময়মতো পুলিশি সুরক্ষা এবং আইনের আশ্রয় পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হয়েছে কি না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক বা অফিসার ইনচার্জ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
