গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ এএম
ফাইল ছবি
অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে এসব অবৈধ পেজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরো পড়ুন: প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
জনস্বার্থে রিট আবেদনটি করেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু। রিটে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়।
