বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?
সূচনা
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম
বান্দরবনে ঘুরতে গিয়ে বন্ধুদের আড্ডার মুহূর্ত। ফাইল ছবি।
জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর বড় একটি অংশজুড়েই থাকে বন্ধুদের উপস্থিতি। শৈশবের সেই স্কুলের বেঞ্চ ভাগাভাগি করে বসা, টিফিনের বাক্স খুলে একসঙ্গে খাওয়া, কলেজজীবনের প্রাণখোলা হাসি-ঠাট্টা আর বিশ্ববিদ্যালয়ের বিকেলে একঝাঁক বন্ধু মিলে চায়ের দোকানে অন্তহীন আড্ডা, এসবই ধীরে ধীরে হয়ে ওঠে মানুষের জীবনের অমূল্য সম্পদ। হঠাৎ নেমে আসা বৃষ্টিতে কোনো পরিকল্পনা বা অজুহাত ছাড়াই বন্ধুর হাত ধরে ভিজে যাওয়া, পরীক্ষার আগের রাতে একসঙ্গে নির্ঘুম পড়াশোনা, কিংবা কোনো কারণ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা গল্পে মেতে থাকা; এসব ছোট ছোট মুহূর্তই একসময় স্মৃতির অ্যালবামে সবচেয়ে উজ্জ্বল হয়ে রয়ে যায়।
সময় নদীর মতোই অবিরাম প্রবাহমান। সে কারও জন্য থেমে থাকে না; নিজের নিয়মে, নিজের গতিতে বয়ে চলে নিরবধি। সেই সময়ের স্রোতেই একসময় বদলে যায় জীবনের দৃশ্যপট। যে বন্ধুর সঙ্গে প্রতিদিন দেখা হতো, যাদের সঙ্গে আড্ডা ছাড়া পূর্ণ মনে হতো না একটি দিনও, ধীরে ধীরে সেগুলোই হয়ে ওঠে অতীত। পড়াশোনা শেষ হয়, কর্মজীবনের ব্যস্ততা বাড়ে, সংসারের দায়িত্ব এসে কাঁধে চাপে। কেউ চলে যায় অন্য শহরে, কেউ অন্য দেশে, আবার কারও সঙ্গে সময়ের ব্যবধানে যোগাযোগই হারিয়ে যায়।
তবু বন্ধুত্ব কি এত সহজে হারিয়ে যায়? যায় না। হঠাৎ কোনো পুরোনো অ্যালবামের ছবি চোখে পড়লে, কোনো আড্ডায় পরিচিত একটি গান বেজে উঠলে কিংবা চলার পথে সেই চেনা চায়ের দোকান, স্কুলের করিডোর বা বিশ্ববিদ্যালয়ের সেই প্রিয় কোণটি সামনে এলে মুহূর্তেই ফিরে আসে ফেলে আসা দিনগুলো। মনে হয়, এই তো সেদিন, একসঙ্গে প্রাণ খুলে হেসেছিলাম, স্বপ্ন বুনেছিলাম অজানা ভবিষ্যৎ নিয়ে, ভাগ করে নিয়েছিলাম কত ছোট ছোট সুখ-দুঃখ।
আরো পড়ুন: বন্ধু- হারিয়ে না যাওয়া এক ঠিকানা
সময় হয়তো মানুষকে দূরে সরিয়ে দেয়, কিন্তু স্মৃতিকে কখনো মুছে দিতে পারে না। এই স্মৃতিগুলোই বন্ধুত্বের সবচেয়ে বড় সম্পদ, যার মূল্য হয় না কোনো বিনিময়ে। কারণ বন্ধুত্বের স্মৃতিতে জমা থাকে নিঃস্বার্থ ভালোবাসা, অকৃত্রিম হাসি, অভিমান ভাঙার গল্প, নির্ভরতার আশ্বাস আর একসঙ্গে কাটানো অসংখ্য আনন্দঘন মুহূর্ত। হয়তো মানুষ বদলে যায়, ঠিকানা বদলে যায়, কিন্তু একজন সত্যিকারের বন্ধুর জন্য হৃদয়ে যে জায়গা তৈরি হয়, সময়ের দীর্ঘ পথচলাতেও তা কখনো ফাঁকা হয় না। সেই দিনগুলোর হাসি, উচ্ছ্বাস আর বন্ধুত্বের উষ্ণতা কখনো মুছে যায় না।
এখন হয়তো আর বন্ধুদের সঙ্গে প্রতিদিন দেখা হয় না, আগের মতো ঘণ্টার পর ঘণ্টা আড্ডাও দেওয়া হয় না। জীবনের ব্যস্ততা, দায়িত্ব আর দূরত্ব আমাদের অনেককে আলাদা পথে নিয়ে গেছে। তবু বন্ধুদের সঙ্গে কাটানো সেই ছোট ছোট মুহূর্তগুলো কখনো পুরোনো হয়ে যায় না। বরং সময়ের সঙ্গে সঙ্গে সেসব স্মৃতি আরো বেশি মূল্যবান হয়ে ওঠে। যে হাসিগুলো একসময় খুব সাধারণ মনে হতো, আজ সেগুলোই হয়ে ওঠে হৃদয়ের সবচেয়ে প্রিয় সম্পদ।
তাই বন্ধুত্বের প্রকৃত সৌন্দর্য শুধু একসঙ্গে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তার সৌন্দর্য লুকিয়ে থাকে সেই স্মৃতিগুলোর মধ্যে, যা সময়ের বহু বছর পরও হৃদয়ের এক কোণে অমলিন হয়ে বেঁচে থাকে। মানুষ দূরে সরে যেতে পারে, যোগাযোগ কমে যেতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। কারণ বন্ধুরা অনেক সময় জীবনের পথ থেকে হারিয়ে গেলেও, তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজীবন থেকে যায় আমাদের হৃদয়ের সবচেয়ে নিরাপদ ঠিকানায়।
