৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৩০ পিএম
প্রতীকী ছবি
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় অন্তত ২৪টি ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি বলেন, সশস্ত্র বাহিনী গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ২৪টি ড্রোন শনাক্ত করেছে। এসব ড্রোন সফলভাবে মোকাবিলা করা হয়েছে। মুখপাত্র বলেন, ইরানের হামলায় কোনো ধরনের প্রাণহানি ঘটেনি। তবে এসব হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা বৃদ্ধি এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে সজাগ রয়েছে। তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যথাযথ দায়িত্ব পালন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করছে।
এদিকে ওমান উপসাগরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজ ‘জলবীরে’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অবরোধ উপেক্ষা করে প্রণালি অতিক্রমের সময় ওই জাহাজে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বৃহস্পতিবার খবর দিয়েছে এএফপি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ওমান উপসাগর দিয়ে ইরানের তেল পরিবহনের চেষ্টা করে জাহাজটি ‘অবরোধ লঙ্ঘন’ করেছিল। এ সপ্তাহে ওমান উপসাগরে মার্কিন বাহিনীর হামলার শিকার হওয়া তৃতীয় জাহাজ এটি। এর আগে ‘মারিভেক্স’ ও ‘সেত্তেবেলো’ নামের দুটি জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার সকালের দিকে ওমানের শিনাস বন্দরের কাছে ভারতীয় নাবিকবাহী তৃতীয় জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘জলবীর’ নামের ওই জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা সবাই নিরাপদ আছেন এবং বর্তমানে তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।
সূত্র: আলজাজিরা
