জুয়ার আসরে ব্যস্ত যুবদল নেতা-বিজিবি সদস্য, আটক ৮
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি: সংগৃহীত
নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে যুবদল নেতা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিজিবি সদস্যসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এর আগে, বুধবার সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকায় একটি ঘরে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃত দেওয়ান আবু সোলেমানের ছেলে দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), মৃত আ. জলিলের ছেলে মো. জিয়া উদ্দিন (৪০), মৃত রইছ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান (৪৩), দৌলতপুরের মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ আলী রুবেল (৪৪), উপজেলার পাবই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. আমীন (৪২), মৃত সিরাজ মিয়ার ছেলে মো. সোহেল রানা (৪৪), ঝিকরওয়ালা গ্রামের সিরাজুল হকের ছেলে মিনামুল (৩৫) এবং সহিলদেও গ্রামের কমল মিয়া (৪৩)।
আরো পড়ুন: বোর্ড চ্যালেঞ্জেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
পুলিশ জানায়, আটকদের মধ্যে তিনজন সরকারি চাকরিজীবী। তাদের মধ্যে তরুনুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসে লিডার হিসেবে কর্মরত। সোহেল রানা বিজিবিতে চাকরি করেন এবং জিয়া উদ্দিন নির্বাচন অফিসে কর্মরত বলে জানা গেছে।
অন্যদিকে কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদে রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার একটি নির্দিষ্ট স্থানে অর্থের বিনিময়ে জুয়ার আসর বসানো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মোহনগঞ্জ থানার পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়ার আসরে থাকা অবস্থায় আটজনকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে, আটকদের মধ্যে বিভিন্ন সংস্থা বাহিনীর সদস্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, ‘তাদের মধ্যে সরকারি চাকরিরত কেউ আছে কিনা সেটা তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে এমন যাদের পাওয়া যাবে, তাদের পরিচয়সহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হবে। এটা আইনানুগ প্রক্রিয়ার অংশ।’
