×

ময়মনসিংহ

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

ছবি: সংগৃহীত

অভিযান হয়, মাদক জব্দ হয়, মামলা হয়, গ্রেপ্তারও হয়—তবু থামছে না শেরপুরের গারো পাহাড় সীমান্তে মাদক পাচার। ভারত সীমান্তঘেঁষা প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে সক্রিয় রয়েছে মাদক কারবারিদের শক্তিশালী নেটওয়ার্ক। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর টহলের খবরও আগেভাগে পৌঁছে যায় কারবারিদের কাছে। ফলে অভিযান শুরু হওয়ার আগেই নিরাপদে সরে যায় মাদক ও পাচারকারীরা।

দুর্গম পাহাড়ি পথকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে দিন-রাত চলছে মাদক পাচার। সীমান্তের ওপার থেকে মাদক এনে পাহাড়ের বিভিন্ন স্থানে মজুত করার পর ট্রাক, বাস, পিকআপ, কভার্ডভ্যান, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেলে তা শেরপুর জেলা সদরসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয় বলে অভিযোগ স্থানীয়দের।

ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম, সন্ধ্যাকুড়া, গোমড়া ও রাংটিয়া এলাকায় নারী-পুরুষসহ শতাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। তাদের ভাষ্য, সীমান্তের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে কারবারিদের ‘সোর্স’ রয়েছে। বিজিবির টহল দল কখন কোথায় যাচ্ছে—মুহূর্তেই সে খবর পৌঁছে যায় সংশ্লিষ্টদের কাছে। এরপর বদলে ফেলা হয় পাচারের রুট।

আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

সীমান্তের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় বিজিবির আটটি ক্যাম্প রয়েছে। এরপরও পাচার বন্ধ না হওয়ায় প্রশ্ন উঠেছে নজরদারি ও অভিযানের কার্যকারিতা নিয়ে। স্থানীয়দের দাবি, দুর্গম পাহাড়ি এলাকা, বেহাল সড়ক, ক্যাম্পগুলোর দূরত্ব এবং স্থানীয় পর্যায়ে অসহযোগিতার কারণে পাচার ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

মাদক পরিবহনে ১৫ থেকে ২০টি কভার্ডভ্যান ব্যবহারের অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, এর মধ্যে চারটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। তবে এ দাবির পক্ষে সরকারি কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। মাদক কারবারিদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ২০২৫ সালে নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের কয়েকজন ব্যক্তি পিকআপভ্যানে মাদক নিয়ে ময়মনসিংহের ফুলপুরে যাওয়ার সময় একটি গোয়েন্দা সংস্থা তাদের অনুসরণ করে। পরে নকলা উপজেলার একটি এলাকায় গরুচোর সন্দেহে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে গণপিটুনিতে মসলেউদ্দিন ও নুর ইসলাম নামে দুজন নিহত হন বলে স্থানীয়রা জানান। তবে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গত এক বছরে তাদের অভিযানে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের মাদক ও ভারতীয় সামগ্রী জব্দ হয়েছে। আইনের আওতায় আনা হয়েছে শতাধিক কারবারিকে। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা। কিন্তু এরপরও প্রকাশ্যেই চলছে মাদক ব্যবসা।

গত আগস্টে ঝিনাইগাতী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সীমান্তে মাদক পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ কমিটির সদস্যরা। সভায় পাচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন, মাদক পাচার রোধে স্থানীয়দের সচেতন করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ বলেন, তিনি সম্প্রতি থানায় যোগ দিয়েছেন। যোগদানের পর কয়েকটি অভিযানে তিন লাখ টাকার বেশি মূল্যের মাদক উদ্ধার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদক পাচার রোধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। তিনি বলেন মাদকের বিষয়ে কোন ছার নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সালাউদ্দিন টুকু নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App