×

জাতীয়

দেশের দায়-দেনা বছরে ১০ বিলিয়ন ডলার বাড়ছে: ড. দেবপ্রিয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২২, ০৫:১০ পিএম

চলমান দশকে আমাদের দায়-দেনা পরিস্থিতি দেড়গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফম। গত তিন বছরে গড় হিসাবে দায়-দেনা প্রায় সাড়ে ১৬ বিলিয়ন করে বেড়ে গেছে উল্লেখ করে নাগরিক প্ল্যাটফর্ম কনভেনর ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এ মুহূর্তে মাথাপিছু ঋণ হিসাব করলে তা ৪৩২ ডলারে দাঁড়িয়েছে।

এর মধ্যে অভ্যন্তরীণ দেনা বৃদ্ধির হার খুবই বেশি। অভ্যন্তরীণ দায়-দেনা ৬৯ বিলিয়ন ডলার। গত এক দশকে ওই দেনা বৃদ্ধি হার প্রায় ৫৪ শতাংশ। আমরা প্রতিবছর ১০ বিলিয়ন ডলার করে দায়-দেনা বাড়াচ্ছি। শূন্য দশমিক ৭ বিলিয়ন ডলার করে প্রতিবছর দেনা পরিশোধ করতে ব্যয় করতে হচ্ছে। দায়-দেনা বাড়ানোর হার অনেক বেশি হারে বাড়ছে, যা অস্বাভাবিক।

সোমবার (৯ মে) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশের সরকারি দায়-দেনা শীর্ষক আলাপচারিতায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য তার প্রবন্ধে এসব তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশে দায়-দেনা দক্ষিণ এশিয়ার তুলনায় কম এতে সন্দেহ নেই। আইএমএফ এর সূত্রানুযায়ী, ২০২০ সাল পর্যন্ত দায়-দেনা জিডিপির ৩৪ দশমিক ৭ শতাংশ। আর ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের দায়-দেনা ১৩১ দশমিক ১৪ বিলিয়ন। গত তিন বছরে গড় হিসাবে দায়-দেনা প্রায় সাড়ে ১৬ বিলিয়ন করে বেড়ে গেছে। সার্বিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা গেছে, ২০০২ থেকে ২০১১ পর্যন্ত দায়-দেনা বৃদ্ধি হার ছিল ৪৪ দশমিক ১ শতাংশ। কিন্তু ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত এটা বেড়ে প্রায় ৬৭ শতাংশ হয়েছে। আমাদের দায়-দেনা পরিস্থিতি চলমান দশকে দেড়গুণ বেড়ে গেছে।

ড. দেবপ্রিয় বলেন, এর মধ্যে অভ্যন্তরীণ দেনা বৃদ্ধির হার খুবই বেশি। অভ্যন্তরীণ দায়-দেনা ৬৯ বিলিয়ন ডলার। গত এক দশকে ওই দেনা বৃদ্ধি হার প্রায় ৫৪ শতাংশ। ২০১৩ সালের পরে এ বেড়ে যাওয়ার হার ১৫ থেকে ১৯ শতাংশ হারে বাড়ছে। অন্যদিকে বৈদেশিক দায়-দেনা পরিমাণ ৬০দশমিক ১৫ বিলিয়ন ডলার। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বৈদেশিক দায়-দেনা ১৬ দশমিক ৬ শতাংশ থেকে ১৪ শতাংশ এবং ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৪ দশমিক ৭ থেকে ১৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

প্রবন্ধে আরো বলা হয়েছে, ঋণের সুদ পরিশোধের হিসাব করলে দেখা যায়, ২০০৬ সালে বৈদেশিক সুদ পরিশোধ করা লাগতো ৩৮ দশমিক ৯১ শতাংশ ও অভ্যন্তরীণ ৬১ দশমিক ০৯ শতাংশ। যেটা ২০১৩ সালের পর ঋণ বাড়ানোর কারণে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের হার বেড়েছে। ২০২১ সালে এসে বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ব্যয় করতে হয়েছে ৬৭ দশমিক ৬৫ শতাংশ এবং অভ্যন্তরীণ ঋণের সুদ ৩২ দশমিক ৩৫ শতাংশ পরিশোধে ব্যয় হয়েছে। অর্থ্যাৎ সম্পূর্ণ উল্টোচিত্র। এর কারণ বৈদেশিক ঋণ গ্রহণ হচ্ছে ক্রমান্বয়ে উচ্চ সুদের হারে।

দেবপ্রিয় বলেন, সরকারি দায়-দেনার সঙ্গে নির্বাচনের একটি সম্পর্ক রয়েছে। ব্যক্তিখাত বিদেশ থেকে টাকা নিয়েছে ১৮ দশমিক ৭ বিলিয়ন। এটা ক্রমান্বয়ে বাড়ছে। এটা জিডিপির ৫ শতাংশ। তারা যদি ঠিকমতো ঋণ পরিশোধ না করে তাহলে দেশের জন্য অশনি সংকেত হতে পারে। বিদেশ থেকে এ পর্যন্ত যে দায়-দেনা করছি তা ক্রমান্বয়ে অধিকতর মূল্যে করছি। দীর্ঘমেয়াদী ঋণের তুলনায় স্বল্পমেয়াদী ঋণের পরিমাণ বাড়ছে। এর সঙ্গে বাণিজ্যিক ঋণ বাড়ছে। বৈদেশিক ঋণ বহুপাক্ষিকের তুলনায় দ্বিপাক্ষিকভাবে বাড়ছে। এর সঙ্গে চীন, রাশিয়া ও ভারতের সম্পৃক্ততা বাড়ছে। তিনি বলেন, আমাদের দায়-দেনা জিডিপি হারের তুলনায় বেশি। আমাদের দায় পরিশোধের ক্ষেত্রে বৈদেশিক ঋণের চাপ বাড়বে। এ পরিস্থিতির সবচেয়ে দুর্বলতা হচ্ছে অভ্যন্তরীণ ঋণ। যেটা দায়-দেনার সঙ্গে মিলিয়ে দেখা হয় না। আর একটি বিষয়ে ব্যক্তিখাতের ঋণ।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে তখন সরকার দৃশ্যমান প্রকল্প নিয়ে গণতান্ত্রিক ঘাটতি পূরণ করার চেষ্টা করে। এটা সব দেশের ক্ষেত্রেই দেখতে পাই। অনেক সময় এমন ধরনের প্রকল্প নেয়া হয়, যার অর্থনৈতিক যৌক্তিকতা থাকে না বা গ্রহণযোগ্য হয় না। প্রকল্পের নাম বলতে গেলে একাধিক প্রকল্পের নাম বলা যাবে।

তিনি বলেন, নির্বাচনের আগে ও পরের বছরে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারের পরিমাণ বেড়ে যায়। গ্লোবাল ইন্ট্রিগ্রিটির তথ্য সেটাই বলছে। গণতান্ত্রিক অস্তিতিশীলতা ও আস্থার সংকট দেখা দিলে এ ধরনের প্রবণতা বেড়ে যায়।

শ্রীলঙ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করা অযৌক্তিক। আমি এমন পরিস্থিতি হওয়ার কারণ দেখি না। এক একটি দেশ একেক রকম বিকশিত হয়। একটার সঙ্গে অন্যটি মিলানো যৌক্তিক নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App