বিদ্যুৎ বিচ্ছিন্ন ঢাকার অনেক এলাকা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৩:১৭ এএম
ঝড়ো আবহাওয়াতে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ঝড়ো হাওয়ায় রাজধানী ঢাকাতে গাছ পড়ে ছিঁড়েছে অনেক এলাকার বিদ্যুতের তার। তাই ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রান্সফরমার। একইসঙ্গে তিন উপকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকার বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
দুই বিতরণ কোম্পানি জানায়, মেরামতের কাজ চলছে। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে সময় বেশি লাগতে পারে।
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সোমবার ঢাকায় দিনভর অব্যাহত ছিল ঝড়ো হাওয়া বৃষ্টি। সকালের দিকে বৃষ্টি কম হলেও দুপুরের পর বাড়তে থাকে।
সন্ধ্যার পর ঝড়ো হাওয়া আর ভারী বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর বহু সড়ক। ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো বলছে, সন্ধ্যার পর ঝড়ো হাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়, ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু।
এদিকে উলন, মানিকনগরসহ ডিপিডিসির বেশ কিছু এলাকায় উপকেন্দ্রও বন্ধ হয়ে যায়। এতে করে রাজধানীর রামপুরা, বনশ্রী, দক্ষিণ বনশ্রী, মোহম্মদপুর, উলন, উত্তরা, মিরপুর, গুলশানসহ অনেক এলাকার বেশকিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, আমাদের উত্তরা, মিরপুর এবং গুলশানের বেশ কিছু এলাকায় গাছ পড়ে তারের ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি ট্রান্সফরমার জ্বলে গেছে। মেরামতের কাজে শুরু করেছি আমরা। একে একে বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছে বিদ্যুৎ।
