উপনির্বাচনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৫৩
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৯:০৭ এএম
ফাইল ছবি
বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর তাদের শূন্য আসনগুলোতে সরকার দলীয় নেতারা মনোনয়ন পেতে রীতিমত মুখিয়ে রয়েছেন। তারই প্রতিফলন দেখা গেছে মনোনয়নপ্রত্যাশীদের ফরম ক্রয়ের চিত্রে।
ইতিমধ্যেই উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরমও বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত ৬ আসনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ৫৩ জন ফরম ক্রয় করেছেন। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় সংসদের ৬টি আসনের উপ-নির্বাচনে আজ দ্বিতীয় দিন শেষে মোট ৫৩টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগ।
বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেয়া ছয় আসনের উপনির্বাচনে ১ ফেব্রুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৫ জানুয়ারি।
গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন বিএনপির সংসদ সদস্যরা।
