×

জাতীয়

শ্বাসকষ্ট হচ্ছে খালেদা জিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০৫:৩২ পিএম

শ্বাসকষ্ট হচ্ছে খালেদা জিয়ার

খালেদা জিয়া। ফাইল ছবি

জ্বর কমেছে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। কিন্তু তার লিভারের জটিলতার কারণে শরীরে পানি বেড়ে যাওয়ায় নানা জটিলতা দেখা দিচ্ছে। এর ফলে শরীরের ওজন বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসেও কষ্ট হচ্ছে। পাশাপাশি, ঘন ঘন বমিও হচ্ছে। ফলে আরো কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের এরই মধ্যে কয়েকটি পরীক্ষা করা হয়েছে। তবে রেজাল্ট সন্তোষজনক আসেনি। তার লিভারের ফ্লুরিড যে পারমাণ থাকার কথা তা নেই।

জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ভোরের কাগজকে বলেন, প্রথম যে অবস্থায় ও যে সমস্যার কারণে ম্যাডাম (খালেদা জিয়াকে) হাসপাতালে নিয়ে এসেছিলাম সে অবস্থায় তিনি এখন নেই। তীব্র জ্বর ছিলো, এখন একটু কমেছে। কিন্তু লিভারের ফ্লুরিড কম থাকার কারণে তার শরীরে পানি এসে ফুলে গেছে। শ্বাসকষ্ট হচ্ছে। এর ফলে বাকি যে শারীরীকি পরীক্ষা-নিরীক্ষাগুলো করা যাচ্ছে না। শরীরের পানি কমলেই সেটা করা সম্ভব।

তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে যখন প্রথম তার লিভারের জটিলতা তৈরি হয়েছিলো, তখন যদি বিদেশে চিকিৎসা করতে দেয়া হতো তাহলে আজকে এই সমস্যার সৃষ্টি হতো না।

এদিকে, দলীয় চেয়ারপারসনের অসুস্থতায় উবিগ্ন বিএনপির মহাসচিবসহ দলের নেতারা। দলীয় সভা সমেবেশে দলীয় চেয়ারপারসনের সুচিকিৎসার স্বার্থে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড দফায় দফায় বৈঠক করে তার শারীরিক পরিস্থিতি পযালোচনা করছেন ও করণীয় ঠিক করছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার চিকিৎসা এ দেশে আর সম্ভব নয়। চিকিৎসকরা এ বিষয়ে উদ্বিগ্ন। তারা বলেছেন, তাকে দ্রুত দেশের বাইরে নেয়া দরকার।

তিনি আরো বলেন, বেগম জিয়া অনেক অসুস্থ, দেশে চিকিৎসা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চিকিৎসকরা বলছেন, তারপরও সরকার পাঠাচ্ছে না।

গত ৯ আগস্ট খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ফুসফুস, ডায়াবেটিস (বহুমূত্র), কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, বিএনপি চেয়ারপারসনের লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তার জন্য মাল্টি ডিসিপ্লিনারি হায়ার সেন্টার দরকার। তার সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োজনে এই ধরনের সেন্টার বাংলাদেশসহ পার্শ্ববর্তী অনেক দেশেই নেই। এই সমস্যা এতোটাই জটিল ও সংবেদনশীল যে, এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক।

ওই চিকিৎসক আরো জানান, নতুন করে শুক্রবার (১১ আগস্ট) খালেদা জিয়ার জ্বর আসে। ডায়বেটিস (বহুমূত্র), প্রেসারসহ (উচ্চরক্তচাপ) বেশ কিছু জটিলতা নিয়ন্ত্রণে রাখতে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে লিভারজনিত কারণে শরীরে পানি বেড়ে যাওয়ায় যেকোনো সময় অন্য জটিলতা দেখা দিতে পারে। এ জন্য খালেদা জিয়াকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মঙ্গলবার (৮ আগস্ট) রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎকরা জানান, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তার পরিপাকতন্ত্রে তিনবার রক্তক্ষরণ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

গৃহবধু হত্যাসহ দস্যুতার ঘটনায় জড়িত দুই আসামি গ্রেপ্তার

গৃহবধু হত্যাসহ দস্যুতার ঘটনায় জড়িত দুই আসামি গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে

একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুই জনের অবস্থা আশঙ্কাজনক

লক্ষ্মীপুর একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুই জনের অবস্থা আশঙ্কাজনক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App