×

জাতীয়

গঙ্গার পানিতেই পদ্মা ব্যারাজের ভাগ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:২২ এএম

গঙ্গার পানিতেই পদ্মা ব্যারাজের ভাগ্য

ছবি : সংগৃহীত

একসময় দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল নদী, খাল-বিল ও সবুজ ফসলের মাঠে সমৃদ্ধ ছিল। নদীর পানিপ্রবাহের সঙ্গে জড়িয়ে ছিল লাখো মানুষের জীবন-জীবিকা। কিন্তু কয়েক দশকে উজানে পানি প্রত্যাহারসহ নানা কারণে বদলে গেছে এ অঞ্চলের চিত্র। নাব্য হারিয়েছে অনেক নদী, কোথাও বেড়েছে লবণাক্ততা। এর নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি, মৎস্য, পরিবেশ ও সুন্দরবনের ওপর।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, বর্ষা মৌসুমে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে বিভিন্ন শাখা নদী ও খালে সরবরাহ করা হবে। তবে প্রকল্পটির অন্যতম বড় চ্যালেঞ্জ হলো প্রয়োজনীয় পানির জোগান নিশ্চিত করা। বিশেষজ্ঞদের প্রশ্ন, গঙ্গা থেকে পর্যাপ্ত পানি না পাওয়া গেলে এত বড় বিনিয়োগের সুফল কতটা মিলবে?

পাংশায় নির্মিত হবে ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারাজ

পরিকল্পনা অনুযায়ী, রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর ওপর প্রায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ব্যারাজ নির্মাণ করা হবে। এতে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস এবং মাছের স্বাভাবিক চলাচলের জন্য দুটি ফিশ পাস। ব্যারাজে প্রায় ৩ বিলিয়ন ঘনমিটার (বিএসএম) পানি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।

সংরক্ষিত পানি গড়াই-মধুমতী, হিসনা-মাথাভাঙ্গা, চন্দনা, বারাসিয়া, বড়াল ও ইছামতী নদীব্যবস্থায় সরবরাহ করা হবে। এ জন্য নদী পুনঃখনন ও ড্রেজিংয়ের পরিকল্পনাও রয়েছে। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় ৮০০ কিউসেক পানি সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের হিসাব অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে। প্রায় ২৯ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার পাশাপাশি বছরে অতিরিক্ত ২৪ লাখ টন ধান ও ২ লাখ ২৫ হাজার টন মাছ উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। এ ছাড়া তিনটি জলবিদ্যুৎ কেন্দ্র ও সাতটি স্যাটেলাইট শহর নির্মাণের পরিকল্পনাও রয়েছে। গঙ্গা-কপোতাক্ষ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্পসহ কয়েকটি স্থাপনাতেও পানি সরবরাহ করতে চায় সরকার।

প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত নির্মাণকাজ চলার কথা। পরবর্তী পর্যায়গুলো যুক্ত হলে প্রকল্পের মোট ব্যয় ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

পানির নিশ্চয়তা নিয়ে প্রশ্ন

বিশেষজ্ঞদের মতে, পদ্মা ব্যারাজ নির্মাণের আগে পুরো নদী অববাহিকার পরিবেশগত প্রভাব মূল্যায়ন জরুরি। উজানে পলি জমা, ভাটিতে নদীভাঙন, বন্যা, লবণাক্ততা ও জীববৈচিত্র্যের সম্ভাব্য ক্ষতি বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে গড়াই-মধুমতী নদীর নাব্য ফিরিয়ে আনতে ড্রেজিং, খাল পুনঃখনন এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।

মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কার্যকর ফিশ পাসের নকশা এবং স্থানীয় মানুষের জমি, বসতি ও জীবিকার সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় পুনর্বাসন পরিকল্পনা রাখারও পরামর্শ দিয়েছেন তারা।

প্রকল্পের পানির জোগান ও বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি এবং কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ভূতত্ত্ব ও সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান।

তিনি বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ এ বছরই শেষ হচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চুক্তি কার্যকর থাকার পরও ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৫২ শতাংশ সময় বাংলাদেশ চুক্তিতে উল্লেখিত ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে। একই সময়ে মার্চ থেকে মে—এই গুরুত্বপূর্ণ সময়ে ৬৫ শতাংশ সময় বাংলাদেশ ন্যায্য হিস্যা পায়নি।

তার মতে, ভবিষ্যতে বাংলাদেশ কতটুকু পানি পাবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে উজান থেকে প্রয়োজনীয় পানি না এলে পদ্মা ব্যারাজ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

খালেকুজ্জামান আরও বলেন, পদ্মার ডান তীরের পাঁচটি নদীতে প্রায় ২৮ হাজার কিউসেক পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। কিন্তু শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহের যে তথ্য প্রকল্পের সমীক্ষায় তুলে ধরা হয়েছে, তা এই পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

১৯৯৭ থেকে ২০০০ সালের তথ্য অনুযায়ী, এপ্রিলে গঙ্গার গড় প্রবাহ ছিল প্রায় ৩২ হাজার কিউসেক। কোনো কোনো সময়ে তা কমে ১১ হাজার কিউসেকে নেমেছে। মার্চে সর্বনিম্ন প্রবাহ ছিল প্রায় সাত হাজার কিউসেক। এ ছাড়া প্রকল্পের নথিতে ২০১০ সালের পরের হালনাগাদ পানিপ্রবাহের তথ্য নেই বলেও উল্লেখ করেন তিনি।

নদী-খাল পুনরুদ্ধারের ওপর গুরুত্ব

খালেকুজ্জামানের পরামর্শ, বড় ব্যারাজ নির্মাণের আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী-খাল পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার মতে, কুষ্টিয়া, যশোর ও খুলনা অঞ্চলে প্রায় ১৩ হাজার ৬৪ কিলোমিটার নদী-খালের অস্তিত্ব পাওয়া গেছে। এসব নদী-খাল পুনঃখনন করে গড়ে ৫০ মিটার প্রস্থ ও পাঁচ মিটার গভীরতা নিশ্চিত করা গেলে প্রায় ৩ দশমিক ২৫ বিলিয়ন ঘনমিটার পানি ধারণের সক্ষমতা তৈরি হতে পারে।

এ ছাড়া ভবদহ অঞ্চলে টিআরএম বা জোয়ারাধার ব্যবস্থার সম্প্রসারণ, প্রাকৃতিক পানিপ্রবাহের সংযোগ পুনঃপ্রতিষ্ঠা এবং পোল্ডার ব্যবস্থাপনার সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

বাংলাদেশের পানি নিরাপত্তার জন্য ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নও অত্যন্ত জরুরি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে, নতুন চুক্তি হতে হবে দীর্ঘমেয়াদি, ১২ মাসব্যাপী ও অববাহিকাভিত্তিক। এতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর গ্যারান্টি ক্লজ থাকতে হবে।

এ ক্ষেত্রে জাতিসংঘের ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহবিষয়ক কনভেনশনের নীতিগুলো বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি। উজান ও ভাটির দেশের অধিকার, ন্যায্য পানি বণ্টন এবং বিরোধ নিষ্পত্তির বিষয়ে ওই কনভেনশনে গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। ভারত ও নেপালসহ অববাহিকার দেশগুলোর সঙ্গে আলোচনায় এসব নীতিকে ভিত্তি হিসেবে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

পলি জমা ও নদীভাঙনের আশঙ্কা

বিদ্যমান নকশায় পদ্মা ব্যারাজ নির্মাণের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাজমুল ইসলাম।

তার আশঙ্কা, পদ্মা নদীর ভৌগোলিক অবস্থান ও প্রকৃতিগত বৈশিষ্ট্য বিবেচনায় ব্যারাজ নির্মিত হলে উজানে পলি আটকে নদীর তলদেশ দ্রুত ভরাট হতে পারে। অন্যদিকে ভাটিতে পলিশূন্য পানির প্রবাহ নদীর তীরে তীব্র ভাঙন সৃষ্টি করতে পারে।

এ ছাড়া মেঘনা মোহনায় মিঠাপানির প্রবাহ কমে গেলে সমুদ্রের লবণাক্ত পানি আরও গভীরে প্রবেশ করতে পারে। এমনকি উত্তর-পূর্বাঞ্চলের নিচু হাওর এলাকাতেও লবণাক্ত পানির প্রভাব ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন তিনি।

ফারাক্কা বাঁধের কারণে ভারতের বিহার ও মালদায় পলি জমে বন্যা এবং মানুষের বাস্তুচ্যুত হওয়ার উদাহরণ টেনে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, পদ্মা ব্যারাজের উজানেও পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত স্থায়ী জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা রয়েছে।

তার ভাষ্য, বাংলাদেশের গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপের টিকে থাকার জন্য প্রতিবছর প্রায় ১০০ কোটি টন পলি প্রয়োজন। এর মধ্যে ৪০ থেকে ৬০ কোটি টন আসে গঙ্গা দিয়ে। ব্যারাজের কপাট দীর্ঘ সময় বন্ধ থাকলে এই পলি উজানে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সেচের পানির চাহিদা নিয়েও সংশয়

পদ্মা ব্যারাজের পরিকল্পিত সেচ সুবিধা নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাবেক মহাপরিচালক ড. শাহজাহান কবীর।

তিনি বলেন, আধুনিক সেচ প্রযুক্তি ও উন্নত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে তুলনামূলক কম পানি ব্যবহার করেও অধিক ফসল উৎপাদন সম্ভব। অন্যদিকে, পদ্মা ব্যারাজের পরিকল্পিত পানি ধারণক্ষমতা প্রায় ২ দশমিক ৯১ বিলিয়ন ঘনমিটার। অথচ প্রকল্পের আওতায় প্রায় ২৮ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এ জন্য মৌসুমভেদে বিপুল পরিমাণ পানির প্রয়োজন হবে।

বিভিন্ন হিসাব অনুযায়ী, ফসলের ধরন ও মৌসুমভেদে প্রতি হেক্টর জমিতে সেচের জন্য ৫ হাজার থেকে ১৩ হাজার ঘনমিটার পানি প্রয়োজন হয়। সেই হিসাবে প্রকল্পের ঘোষিত সেচ লক্ষ্যমাত্রা পূরণে পানির চাহিদা ও ব্যারাজের ধারণক্ষমতার মধ্যে বড় ব্যবধান রয়েছে বলে মনে করেন তিনি।

ড. শাহজাহান কবীরের পরামর্শ, প্রকল্পের সম্ভাব্য সুফল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কৃষি ও মৎস্য উৎপাদনের পূর্বাভাস স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। বাস্তবে কতটুকু পানি পাওয়া যাবে, তার কত অংশ সেচে ব্যবহার করা সম্ভব হবে এবং কতটুকু পরিবেশগত প্রবাহ হিসেবে রাখতে হবে—এসব বিষয়ে বৈজ্ঞানিক হিসাব প্রকাশ করা জরুরি। একই সঙ্গে প্রকল্পের ফলে ফসল ও মাছ উৎপাদনে প্রকৃত পরিবর্তন কতটা আসবে, তা-ও যাচাই করতে হবে।

পরিবেশগত সমীক্ষা এখনো চলমান

পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগের বিষয়ে পাবনার প্রস্তাবিত এলাকা পরিদর্শনে এসে পদ্মা ব্যারাজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ বলেন, ফারাক্কার অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই পদ্মা ব্যারাজের নকশা প্রণয়ন ও পরিমার্জন করা হচ্ছে। তবে ভারতের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি হুবহু মিলিয়ে দেখা ঠিক হবে না।

তিনি জানান, সম্ভাব্য নদীভাঙন ও বন্যা মোকাবিলায় বাঁধ উঁচু করাসহ প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের মূল পরিবেশগত সমীক্ষা এখনো চলমান রয়েছে। প্রয়োজনে সমীক্ষার ভিত্তিতে নকশায় আরও সংশোধন আনা হবে।

সব মিলিয়ে পদ্মা ব্যারাজ ঘিরে সরকারের প্রত্যাশা বড় হলেও এর সুফল নির্ভর করছে গঙ্গার পানির প্রাপ্যতা, নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশগত ভারসাম্য এবং প্রকল্পের বাস্তবায়নযোগ্যতার ওপর। তাই বিপুল অর্থের এ প্রকল্প বাস্তবায়নের আগে পানির নিশ্চয়তা ও সম্ভাব্য ঝুঁকিগুলোর বৈজ্ঞানিক মূল্যায়ন কতটা কার্যকরভাবে করা হচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গঙ্গার পানিতেই পদ্মা ব্যারাজের ভাগ্য

গঙ্গার পানিতেই পদ্মা ব্যারাজের ভাগ্য

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেনজীরের বান্ধবী গ্রেপ্তার

বেনজীরের বান্ধবী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App