মাঠে নেই জামায়াত-এনসিপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ঠেকাতে রাজপথে সক্রিয় রয়েছে বিএনপি। তবে এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে দল দুটি রাজপথে সক্রিয় থাকলেও বিএনপির সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে এখন তারা নিষ্ক্রিয় রয়েছে।
বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজপথে না নেমে সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে জামায়াত। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্যের উদ্যোগ নিলে তাতে সাড়া দিয়ে রাজপথে নামতে প্রস্তুত দলটি।
জামায়াতের ভাষ্য, ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। তবে আওয়ামী লীগের তৎপরতা বাড়লে তা প্রতিহত করতে রাজপথে নামার প্রস্তুতিও রয়েছে তাদের। যদিও দলটির নেতাদের ধারণা, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিলেও ডিসেম্বরে ফিরবেন না। তারপরও ডিসেম্বরজুড়ে জামায়াতের কর্মসূচি থাকবে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেও কর্মসূচি আসতে পারে।
আওয়ামী লীগের তৎপরতা ঘিরে উত্তেজনা
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেদিন ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই রয়েছেন। গত জুলাইয়ে প্রথমবারের মতো তিনি ঘোষণা দেন, চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরবেন। সম্প্রতি তাঁর নিযুক্ত বলে দাবি করা লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সচল করার অনুরোধ জানিয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগ গত ১০ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছিল। এর আগে ও পরে কয়েক দিনে ২২ জেলায় ককটেল বিস্ফোরণ এবং ছয় জেলায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত রোববারও গোপালগঞ্জে ব্যাপক বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে এসব কর্মকাণ্ডের দায় নিজেদের বলে দাবি করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কয়েক দিনের গণসংযোগ শেষে আগামী বৃহস্পতিবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা লকডাউনের ঘোষণাও দিয়েছে আওয়ামী লীগ।
সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, দলটির এ ধরনের কর্মসূচি পালনের আইনি অধিকার নেই। ২০২৫ সালের ১২ মে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিষয়ে বিএনপি শুরুতে সমর্থন না দিলেও ক্ষমতায় আসার পর অধ্যাদেশটিকে আইনে পরিণত করে।
যেসব কারণে রাজপথে নেই জামায়াত-এনসিপি
শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তাঁর সমর্থকদের বিভিন্ন তৎপরতা ঠেকাতে ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠন রাজপথে রয়েছে। ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও মিছিলের চেষ্টার অভিযোগে গত এক সপ্তাহে শতাধিক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে তারা।
এর আগে গত বছরের নভেম্বরে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে রাজপথে ছিল জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ মোড়ে লাঠি হাতে অবস্থান নিয়েছিলেন নেতাকর্মীরা। সক্রিয় ছিল এনসিপি ও দলটির অঙ্গসংগঠনও। তবে বিএনপি সরকারের সময়ে একই ভূমিকায় দল দুটিকে দেখা যাচ্ছে না।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের বক্তব্যে বিএনপির প্রতি অসন্তোষের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেন, একটি নিষিদ্ধ দলের কার্যক্রম ঠেকানো সরকারের দায়িত্ব। রাজনৈতিক দল হিসেবে জামায়াত কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা পালন করতে যাবে?
গত বছরের নভেম্বরে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব নয় কারও তৎপরতা ঠেকানো।
হামিদুর রহমান আযাদ বলেন, আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে বিরোধী দলগুলোকে ডাকলে জামায়াত জাতীয় ঐক্যে সাড়া দেবে। তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার।
ঢাকার একজন শীর্ষস্থানীয় নেতাসহ জামায়াতের তিন জ্যেষ্ঠ নেতা জানান, নির্বাচনের পর সংস্কারের দাবিতে সোচ্চার হলে বিএনপি বারবার তাদের ভয় দেখিয়েছে। তাঁদের ভাষ্য, আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ দিলে জামায়াত দ্বিতীয় বৃহত্তম দল হয়ে ওঠার যে সুযোগ পেয়েছে, তা হারাতে পারে এবং আবারও আওয়ামী লীগের নিপীড়নের শিকার হতে পারে। এখন বিএনপি বুঝতে পারছে, আওয়ামী লীগ ফিরে এলে কারা ক্ষতিগ্রস্ত হবে।
তাঁদের দাবি, বিএনপি সংস্কারের দাবি উপেক্ষা না করলে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করলে জামায়াত রাজপথে সহযোগিতা করতে প্রস্তুত ছিল।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর দায়িত্ব আমাদের নয়। রাজপথে নামলে বরং বলা হবে এনসিপি মব করছে।’
বিরোধী জোটের একাধিক নেতার অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগের কর্মীদের ধরে পুলিশে দিচ্ছেন, তা গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, গণমাধ্যম ও নাগরিক সমাজ বিএনপির এ ভূমিকার সমালোচনা না করলেও জামায়াত বা এনসিপি একই কাজ করলে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হতো।
সর্বোচ্চ পর্যায়ের আহ্বানের অপেক্ষায়
গত মঙ্গলবার জামায়াত জোটের সংসদীয় দলের সভায় আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিরোধী দলের রাজপথে নামার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, সরকারের পক্ষ থেকে সম্মানজনকভাবে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হলে তারা সাড়া দেবে। অন্যথায় রাজপথে নামবে না। তবে পরিস্থিতির অবনতি হলে যেকোনো সময় মাঠে নামার প্রস্তুতি থাকবে।
জামায়াত ও এনসিপির একাধিক নেতা জানান, প্রধানমন্ত্রীকে সব রাজনৈতিক দলকে নিয়ে বসতে হবে এবং সেখান থেকেই জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে। সংস্কারের প্রশ্নে বিএনপিকেও গণভোটের রায়ের কাছাকাছি আসতে হবে।
রোববার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকেও একই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া এক নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন ইস্যুতে সব রাজনৈতিক দলকে নিয়ে বসে ঐক্যের বার্তা দিতেন। বিএনপিকেও তেমন উদ্যোগ নিতে হবে।
শেখ হাসিনার ফেরার সম্ভাবনা দেখছে না দুই দল
শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে মনে করেন জামায়াত ও এনসিপির নেতারা। হামিদুর রহমান আযাদ বলেন, ‘পুরো বিষয়টিই স্ট্যান্ডবাজি। আওয়ামী লীগের কর্মীদের চাঙা করার কৌশল। শেখ হাসিনা ফেরার ঘোষণা দিয়ে আসলে দেখতে চাচ্ছেন, তাঁর সমর্থকরা সরকারকে কতটা চাপে ফেলতে পারে। ভারত তাঁকে বাংলাদেশে ফেরায় সমর্থন দেয় কি না, শুধু পানি মাপছেন।’
একই ধরনের বক্তব্য দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজেই খুব ভালো করে বুঝতে পারছেন, দেশে ফিরলে কী পরিণতি ভোগ করবেন। ফিরতে চাইলে, এঁকে-তেঁকে দিয়ে পাসপোর্ট দিতে অনুরোধ করিয়ে চিঠি দিচ্ছেন কেন? বাংলাদেশ সরকারের কাছে ভ্রমণ নথির আবেদন করলেই হয়। আসলে অজুহাত তৈরি করছেন। যাতে ডিসেম্বরের পর বলতে পারেন, সরকার পাসপোর্ট দেওয়ার সাহস না করায়, তিনি ফিরতে পারেননি।’
