×

শিক্ষা

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা

ছবি : সংগৃহীত

বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় একটি বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মাঝামাঝি দেশের ৫০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়েও এ শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।

তৃতীয় ভাষা শেখার মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে চীনা, জাপানি, কোরীয়, জার্মান, ফরাসি ও আরবি ভাষায় দক্ষ তরুণদের চাহিদা বাড়ছে বিভিন্ন খাতে।

ভাষা দক্ষতায় বদলে গেছে মিয়াদের জীবন

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা বা মান্দারিন ভাষা শেখার জন্য ভর্তি হয়েছিলেন মিয়াদ হোসাইন। দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই একটি চীনা প্রতিষ্ঠানে খণ্ডকালীন দোভাষী হিসেবে কাজ শুরু করেন তিনি। এ কাজ থেকে প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকা আয় করতেন।

বিবিসি বাংলাকে মিয়াদ বলেন, শুরুর দিকে অল্প কয়েকটি বাক্য বলতে পারতেন। দোভাষী হিসেবে কাজ শুরু করার পর ভাষাগত দক্ষতা বাড়তে থাকে। দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার আয়ও বেড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করার পর বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেন তিনি। বর্তমানে চীন থেকে বাংলাদেশে মোবাইল যন্ত্রপাতি আমদানি করছেন। চীনা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে এ ব্যবসা শুরু করলেও নিজের কোনো বিনিয়োগ করতে হয়নি বলে জানান তিনি।

মিয়াদের ভাষায়, চীনা ভাষায় দক্ষতা থাকায় ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন। শূন্য হাতে শুরু করা সেই ব্যবসা এখন কোটি টাকার পর্যায়ে পৌঁছেছে।

তৃতীয় ভাষার প্রতি বাড়ছে আগ্রহ

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা ইনস্টিটিউট রয়েছে। এসব প্রতিষ্ঠানে ইংরেজি, চীনা, জাপানিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখানো হয়। উচ্চশিক্ষা ও বিদেশে চাকরির পাশাপাশি নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতেও তরুণদের মধ্যে তৃতীয় ভাষা শেখার আগ্রহ বাড়ছে।

বাংলাদেশে মাতৃভাষা হিসেবে বাংলা এবং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। আগে তৃতীয় ভাষা শেখার প্রবণতা মূলত বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও গত দেড় দশকে পরিস্থিতি বদলেছে। এখন বিদেশে কর্মসংস্থান এবং দেশীয় প্রতিষ্ঠানে কাজের সুযোগ তৈরির লক্ষ্যেও অনেকে চীনা, কোরীয়, জাপানি, আরবি ও অন্যান্য ভাষা শিখছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আফজাল হোসেন বলেন, ইংরেজির বাইরেও বিভিন্ন বিদেশি ভাষা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এ কারণে তরুণদের মধ্যে এসব ভাষা শেখার আগ্রহ বাড়ছে।

তার মতে, শুধু বিদেশে নয়, বাংলাদেশে কর্মরত বহুজাতিক প্রতিষ্ঠান ও বিদেশি বিনিয়োগকারী কোম্পানিতেও এসব ভাষায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। পর্যটন, অনুবাদ, শিক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য খাতেও তৈরি হচ্ছে কাজের সুযোগ।

ভাষা জানলেই বাড়ছে চাকরির সুযোগ

ঢাকার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মো. আরিফুজ্জামান। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়লেও পরে একটি প্রতিষ্ঠান থেকে কোরীয় ভাষা শেখেন। এরপর প্রয়োজনীয় কয়েকটি ধাপ সম্পন্ন করে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান এবং একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি শুরু করেন।

সেখানে পাঁচ বছর কাজ করার পর অর্জিত অর্থ দিয়ে দেশে ফিরে ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে তার ব্যবসার পরিধিও বাড়ছে। আরিফুজ্জামানের মতে, কোরীয় ভাষায় দক্ষতা থাকায় দক্ষিণ কোরিয়ায় ভালো বেতনে চাকরির সুযোগ পেয়েছিলেন।

তৃতীয় ভাষা জানা শুধু বিদেশে চাকরির ক্ষেত্রেই সুবিধা দিচ্ছে না। বাংলাদেশে বহুজাতিক কোম্পানি, দূতাবাস ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোতেও বিদেশি ভাষায় দক্ষ কর্মীদের গুরুত্ব বাড়ছে।

মিয়াদ হোসাইন জানান, বাংলাদেশে আসা চীনা ব্যবসায়ী ও নাগরিকদের অনেকেই চীনা ভাষায় দক্ষ লোক খোঁজেন। তাদের অনেকের ইংরেজিতে স্বাচ্ছন্দ্য না থাকায় চীনা ভাষা জানা ব্যক্তিরা বাড়তি সুযোগ পান।

অধ্যাপক আফজাল হোসেন বলেন, চীনা, জাপানি, ফরাসি ও জার্মান ভাষায় দক্ষতা অর্জন করলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোতেই নয়, অন্যান্য দেশেও চাকরির সুযোগ তৈরি হয়। বাংলাদেশেও এসব ভাষায় দক্ষ ব্যক্তিদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দোভাষীর চাহিদা সবচেয়ে বেশি। সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের তুলনায় ভাষা শিক্ষায় দক্ষ বা এ বিষয়ে স্নাতক করা ব্যক্তিরা তিন থেকে চার গুণ বেশি বেতন পাচ্ছেন। অনেক ক্ষেত্রে তাঁদের ন্যূনতম বেতন ৬০ থেকে ৭০ হাজার টাকা।

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা

নির্বাচনি ইশতেহারেও তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিল বর্তমান বিএনপি সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে। পরে পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষাক্রমেও এটি যুক্ত করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারের প্রধান লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন। এ লক্ষ্য অর্জনে বিদেশি ভাষায় দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক পর্যায়ের পর প্রাথমিক বিদ্যালয়েও তৃতীয় ভাষা শেখানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে জাপানি ও চীনা ভাষা শেখানো শুরু হতে পারে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানান, আগামী ডিসেম্বরের মাঝামাঝি দেশের ৪০টি সরকারি ও ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষার কোর্স চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আগে থেকেই যেসব বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কেন্দ্র বা ইনস্টিটিউট রয়েছে, সেগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন করা হবে।

ভাষা শিক্ষার মান নিশ্চিত করতে নেটিভ বা মাতৃভাষী শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। চীনা, জাপানি, জার্মান, ফরাসি, কোরীয় ও আরবি ভাষাকে এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বাস্তবায়ন নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করলেও এর বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, শুধু কোর্স চালু করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। প্রয়োজন দক্ষ শিক্ষক, পর্যাপ্ত শিক্ষা উপকরণ এবং ভাষা চর্চার ধারাবাহিক পরিবেশ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক বলেন, উদ্যোগটি বাস্তবায়নের আগে সুনির্দিষ্ট পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। কোন ভাষার জন্য কতজন শিক্ষক লাগবে, তাঁদের দক্ষতা কতটা এবং শিক্ষার্থীরা শেখা ভাষা কীভাবে কাজে লাগাবেন—এসব বিষয় আগেই নির্ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, ভাষা শেখার পর নিয়মিত চর্চার সুযোগ না থাকলে শিক্ষার্থীরা ধীরে ধীরে সেই দক্ষতা হারিয়ে ফেলতে পারেন। তাই কোর্স চালুর পাশাপাশি ভাষা ব্যবহারের বাস্তব ক্ষেত্র তৈরি করাও জরুরি।

সব মিলিয়ে তৃতীয় ভাষা শিক্ষা তরুণদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এ উদ্যোগের সুফল পেতে হলে দক্ষ শিক্ষক নিয়োগ, মানসম্মত পাঠ্যক্রম, নিয়মিত ভাষা চর্চা এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় নিশ্চিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা

গঙ্গার পানিতেই পদ্মা ব্যারাজের ভাগ্য

গঙ্গার পানিতেই পদ্মা ব্যারাজের ভাগ্য

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App