স্বামীকে নিয়ে যা বললেন এসপি জাহাঙ্গীরের স্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় মুখ খুলেছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তার দাবি, স্বামীর মোবাইল ফোন হ্যাক করে পরিকল্পিতভাবে তাকে মামলায় ফাঁসানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব অভিযোগ করেন মাসুমা আক্তার।
তিনি জানান, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে থাকতেন তিনি। তার বাবা ছিলেন একজন কৃষক। দরিদ্র পরিবার থেকে উঠে এসে লেখাপড়া ও নিজের যোগ্যতায় পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছেন জাহাঙ্গীর আলম।
মাসুমা আক্তার বলেন, ‘আপনারা তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানিয়েছেন। কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামলায় আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হয়েছে, তা ডাহা মিথ্যা। যা বলা হচ্ছে, তার কিছুই করেননি উনি। আমার স্বামীর মোবাইল হ্যাক করে ফাঁদে ফেলা হয়েছে।’
স্বামীর সততার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, জাহাঙ্গীর আলমের আয়ের ওপর পরিবারের ১২ জন সদস্য নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি কোনো ধরনের বাড়তি সুবিধা নেননি। সৎভাবে চাকরি করে গেছেন।
এর আগে মোবাইল ফোনে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগ ওঠে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী।
গত শনিবার রাতে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে চট্টগ্রামের একটি আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে মাসুমা আক্তারের দাবি, মোবাইল ফোন হ্যাক করে পরিকল্পিতভাবে তার স্বামীকে এই মামলায় জড়ানো হয়েছে।
