ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসা নিতে এসে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন কোটা আন্দোলনকারীরা। সোমবার (১৫ জুলাই) রাত ৭টা ২৫ মিনিটে ঢামেকের ইমারজেন্সি বিভাগের সামনে এ সংঘর্ষ চলছে। হাসপাতালের পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এর আগে হাসপাতালে ছাত্রলীগের কেউ চিকিৎসা নিতে আসলে কোটা আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে বের করে দেন। পরবর্তীতে ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে হাসপাতালে আসতে দেখা যায়। এরপরই সংঘর্ষ বাঁধে।
ঢামেকের টিকেট কাউন্টারের ইনচার্জ মেহেদী ভোরের কাগজকে বলেন, এখন পর্যন্ত ২২০ জনের মতো আহত শিক্ষার্থী টিকেট কেটেছেন চিকিৎসার জন্য। এখনও শিক্ষার্থীরা আসছেন।
ঢামেকের ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজ বিশ্বাস বলেন, প্রচুর আহত শিক্ষার্থী আসছেন। বিভিন্ন রুমে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। এখন পর্যন্ত টোটাল হিসাব করা হয়নি। তবে ২০০ জনের ওপর শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন।
