কবে মোবাইল ইন্টারনেট চালু হবে, জানালেন পলক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৫:১৩ পিএম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার কারণে দেশজুড়ে মোবাইল ফোন ইন্টারনেট বন্ধ রয়েছে। তবে আগামী রবিবার ও সোমবারের মধ্যে এ সেবা চালু হতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরো পড়ুন: দুষ্কৃতকারীদের তথ্য চাইল পুলিশ
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আজকে (বুধবার) ব্রডব্যান্ড দেয়া হয়েছে। রবি-সোমবারের মধ্যে মোবাইল ফোন ইন্টারনেট চালু হতে পারে। আমরা এমটবের সঙ্গে মিটিং করব। এরপর তথ্য পর্যালোচনা করে রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে।
পলক বলেন, রাতের মধ্যেই বাসাবাড়িতে ইন্টারনেট সেবা চালু হতে পারে। তবে মোবাইল ফোন ইন্টারনেটের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আর আপাতত ফেসবুকসহ সবধরনের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকবে।
তিনি আরো বলেন, নাশকতাকারী-দুষ্কৃতকারীদের দেয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা যত দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করছিলাম। রাত থেকে বাসাবাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে।
