আজ যেসব এলাকায় কারফিউ শিথিল থাকবে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৮:১৭ এএম
ছবি: ভোরের কাগজ
দেশের চার জেলায় আজ কারফিউ শিথিল থাকবে। শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা জানান।
আসাদুজ্জামান বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ ১৫ ঘণ্টা কারফিউ শিথিল। অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত ১৩৪ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেয়া হয়েছে। অন্য শিক্ষার্থীদেরও জামিন দেয়া হবে। ছেড়ে দেয়া হবে। তবে যারা সরাসরি হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের ছাড়া হবে না।
আন্দোলনের সব দাবি মেনে নেয়া হয়েছে তাই অসহযোগ আন্দোলন না করে ঘরে ফেরা উচিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আন্দোলন করছে বিএনপি-জামায়াত। এরপরও দাবি থাকলে প্রধানমন্ত্রীর আলোচনার দ্বার খোলা আছে। তাদের আলোচনায় যাওয়া উচিত।
মন্ত্রীর পদত্যাগের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব সময় দেশের জন্য কাজ করি, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা যা হবে তা মেনে নেব। ছাত্রলীগ-যুবলীগের হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি মারে, তাহলে তো কেউ বসে থাকবে না। আবার পুলিশ আঘাত পেলে তো সেলফ ডিফেন্স করবেই।
তিনি বলেন, জামায়াতে ইসলাম ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছে। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ, তাদের সব দাবি পূরণ করা হয়েছে।
আসাদুজ্জামান খান আরো বলেন, আমি স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস। মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদতবরণ করার পর থেকে এটা চলছে।
