সব রুটে ট্রেন চলাচল বন্ধ আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৮:২৯ এএম
ছবি: সংগৃহীত
সারাদেশে সব রুটে আজ (রবিবার ৪ আগস্ট) ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনিবার্য কারণবশত রবিবার সব ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের কারণে ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভিত্তিতে রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বের ট্রেনগুলোর চলাচল শুরু করে। রেলওয়ের এ সিদ্ধান্তের ফলে রবিবার স্বল্প দূরত্বের ট্রেনও চলবে না।
আরো পড়ুন: আজ যেসব এলাকায় কারফিউ শিথিল থাকবে
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। পরিস্থিতির অবনতি ঘটায় ১৮ জুলাই থেকে প্রায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার ঢাকা থেকে তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার, তুরাগ কমিউটার, কর্ণফুলী কমিউটার ও নারায়ণগঞ্জ কমিউটার চলাচল করে।
এ ছাড়া চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার ও নাজিরহাট কমিউটার; ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ এবং ঝারিয়া রুটে দুই দিক থেকেই লোকাল ট্রেন চলাচল করে। আর খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-রহনপুর, খুলনা-বেনাপোল, বেনাপোল-মোংলা, রাজবাড়ী-ভাঙ্গা এবং রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে ১২টি লোকাল ট্রেন চলাচল করে।
রেলওয়ে জানায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন ৪০০টির মতো যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসও রয়েছে। আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয় ১০ দিন আগে থেকে। ট্রেনে প্রতিদিন যাত্রী চলাচল করে প্রায় আড়াই লাখ।
