একশ্রেণির ব্যবসায়ী ইল মাছের মতো পিচ্ছিল, ধরা কঠিন: বাণিজ্য উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ পিএম
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
সিন্ডিকেট করে ব্যবসা করা আর সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কিছু ব্যবসায়ী সবসময় বাড়তি মুনাফার চেষ্টা করেন, তারা ইল মাছের মতো পিচ্ছিল, ধরা কঠিন। তবে এবার তাদের ধরতে পারবে সরকার।
রবিবার (১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পোলট্রি খাতের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব সেলিম উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদসচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানসহ পোলট্রি খাতের ব্যবসায়ীরা।
বাণিজ্য উপদেষ্টা জানান, বন্যার কারণে দেশে ডিম ও মুরগির উৎপাদন কিছুটা ব্যাহত হলেও শিগগিরই তা স্বাভাবিক হবে। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে দাম কমানোর উদ্যোগ নেয়া হয়েছে, এবং উৎপাদন খরচের বাইরে অস্বাভাবিক মুনাফা করতে দেয়া হবে না। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশন নজর রাখবে।
তিনি আরো বলেন, জিনিসপত্রের দাম কমাতে হবে। একবার দাম বাড়লে তা নামানোর ব্যবস্থা করা হবে। বেশি সমস্যা হলে ডিম ও মুরগির দাম বেঁধে দেয়া হবে, এবং প্রয়োজন হলে কৃষি বিপণন অধিদপ্তর সেই দায়িত্ব নেবে। বর্তমান পণ্যমূল্য পরিস্থিতি সন্তোষজনক হলেও, আরো উন্নতির চেষ্টা চলছে বলে তিনি জানান।
আরো পড়ুন: মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
সভায় ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়, তেলের দাম কমায় পরিবহন খরচও কমবে, যার প্রভাব বাজারমূল্যে পড়বে।
