জাতীয় চার নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেন শেখ হাসিনা: সোহেল তাজ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় চার নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোদ এমন মন্তব্য করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার ৫ মাস পরই ২০০৯ সালে পদত্যাগ করেন তিনি।
সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমে নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল- সেসব বিষয়ে কথা বলেছেন সোহেল তাজ। সেখানে তিনি বলেন, আমি তিন দফা নিয়ে একটি আন্দোলন করেছি ৩ নভেম্বর জাতীয় চার নেতার হত্যার বিচারের দাবিতে। যে বিচার আমরা আজও পাইনি। আমি দাবি করেছিলাম, জাতীয় চার নেতার হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক। আমি কি খুব বেশি চেয়েছিলাম?
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেষবার শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে ২০২৩ সালের ৩ নভেম্বর। আমি গণভবনের সামনে অবস্থান নিয়েছিলাম সেদিন। তিনি (শেখ হাসিনা) রাত ১২টার দিকে আমাকে ভেতরে ডেকে নেন। সেখানে তার সঙ্গে আমার অনেক তর্ক হয়। ওই রাতে জাতীয় চার নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছে সাবেক প্রধানমন্ত্রী।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে বলেন, সেগুলো আমি বলতে চাই না। যা শুনে আশ্চর্য হয়েছিলাম, অনেক আঘাত পেয়েছিলাম। তার (শেখ হাসিনা) কাছ থেকে জাতীয় চার নেতা সম্পর্কে এমন মন্তব্য আশা করিনি। কারণ, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।
