শিগগিরই দিল্লি ছাড়ছেন শেখ হাসিনা, পরবর্তী গন্তব্য কোথায়?
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পিএম
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে সেইদিনেই ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি।
তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা কৌতূহল ও গুঞ্জন উঠেছে। সর্বশেষ খবরে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে, শেখ হাসিনা কীভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন?
জবাবে ভারত বলেছে, খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে বলে দেশের শীর্ষ স্থানীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
আরো পড়ুন: শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশ্নের যে জবাব দিলো ভারত
গত ৫ আগস্ট ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি।
শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও (লাল পাসপোর্ট) ইতোমধ্যে বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। ভারতে শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি।
