শেখ হাসিনার সংসদ সদস্যদের অস্ত্রের লাইসেন্স বাতিল করলো ইউনূস সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
ড. মুহাম্মদ ইউনূস ও শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সংসদ সদস্য পদে থাকা একাধিক ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মোট ৭৭৮টি লাইসেন্স বাতিল করা হয়েছে। এরমধ্যে অধিকাংশই দেশের সাবেক সংসদ সদস্যদের।
ওই আগ্নেয়াস্ত্রগুলো জমা দেয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল সরকার। সময়ের মধ্যে অস্ত্র জমা না-দেয়ার অভিযোগে লাইসেন্স বাতিল করা হয়েছে। শেখ হাসিনার সরকারে যারা উচ্চ পদে ছিলেন, তাদের অনেকেরই অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে।
লাইসেন্স বাতিল হওয়ার পর ওই ৭৭৮টি আগ্নেয়াস্ত্র ‘অবৈধ’ হয়ে গেছে। সেগুলি উদ্ধারের তোড়জোড় শুরু করেছে পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। মূলত পাবনা, চট্টগ্রাম এবং ঢাকায় এই অস্ত্রগুলি রয়েছে বলে মনে করা হচ্ছে।
অভিযোগ, শেখ হাসিনার সরকার ক্ষমতাসীন থাকাকালীন বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ কর্তারা। ভয় দেখানোর জন্য তা ব্যবহার করা হত বলেও অভিযোগ ওঠে।
আইন অনুযায়ী, কেবল আত্মরক্ষার্থেই অস্ত্র ব্যবহার করা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই অস্ত্রধারীদের বিরুদ্ধে মামলা হয়। তাদের অস্ত্র ফেরত দিতে বলে ইউনূস সরকার।
