মুন্সীগঞ্জ-২
বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ এএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পোস্টাল ভোটসহ সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জয় লাভ করেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৩১টি কেন্দ্রের (পোস্টাল ভোটকেন্দ্রসহ) ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায় ধানের শীষ প্রতীকে আব্দুস সালাম আজাদ মোট ১ লাখ ২২ হাজার ১৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী কে. এম. বিল্লাল পেয়েছেন ১৩ হাজার ৩৮৭ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী আশিক মাহমুদ পেয়েছেন ৬৫১ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. নোমান মিয়া পেয়েছেন ২ হাজার ৮৫৭ ভোট।
সব মিলিয়ে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৩ হাজার ৫৮১ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
