×

জাতীয়

নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:২৫ পিএম

নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল

ছবি: ফাইল ফটো

দেশের সব নাগরিকের জন্য সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৮ মে) ব্যারিস্টার নিশাত মাহমুদের জনস্বার্থে করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানিতে  বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারিপতি আব্দুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

রুলে সরকারকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে না এবং কেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করার পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাবও দিতে বলেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করা রিটকারী ব্যারিস্টার নিশাত মাহমুদ জানান, এই কমিটি সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন তদারকি, পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দেবেন এবং তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করবে।

রিট আবেদনে বলা হয়, সংবিধানের ১৫, ১৮ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব হলেও বাস্তবে তা 'কার্যকরভাবে প্রতিফলিত হয়নি'। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংজ্ঞা অনুযায়ী, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে প্রত্যেক নাগরিক আর্থিক দুর্ভোগ ছাড়াই প্রয়োজনীয় ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।

সরকারের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ২০৩২ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও এর বাস্তব অগ্রগতি 'অত্যন্ত সীমিত' বলে রিট আবেদনে দাবি করা হয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণার তথ্য তুলে ধরে আবেদনে বলা হয়, দেশে স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯ শতাংশ জনগণকে নিজেদের পকেট থেকে বহন করতে হচ্ছে। ফলে প্রতিবছর লাখো পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। ক্যানসার, কিডনি, ডায়াবেটিস ও হৃদরোগের মত অসংক্রামক রোগে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ কেবল চিকিৎসা ব্যয় বহন করতে না পারার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

রিট আবেদনে বলা হয়, স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ মোট বাজেট ও জিডিপির তুলনায় অত্যন্ত কম এবং বরাদ্দ অর্থের একটি বড় অংশ অব্যবহৃত থেকে যায়। এছাড়া দেশে জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা ২০০০:১ এবং নার্সের সংখ্যা ৫০০০:১, যা স্বাস্থ্য ব্যবস্থার গুরুতর সংকটের চিত্র তুলে ধরে।

আবেদনে আরও বলা হয়, কার্যকরভাবে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন করা গেলে রোগ-ব্যাধির প্রকোপ কমবে, জনগণের আর্থিক চাপ হ্রাস পাবে এবং সংবিধানপ্রদত্ত জীবনাধিকার বাস্তব অর্থে নিশ্চিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আমবাগানে মিলল ককটেল ও বিপুল বারুদ

আমবাগানে মিলল ককটেল ও বিপুল বারুদ

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App